শ্রম মন্ত্রণালয়ে জরুরি বৈঠক করেছে পোশাক শ্রমিকদের বেতন বৈষম্য নিরসনে গঠিত পর্যালোচনা কমিটি। শনিবার (১২ জানুয়ারি) দুপুরে প্রায় দুই ঘণ্টা ব্যাপী এই বৈঠকের সভাপতিত্ব করেন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব ও কমিটির আহ্বায়ক আফরোজা খান। পোশাক শ্রমিক ও মালিক প্রতিনিধিদের সাথে সরকারে এই ত্রিপাক্ষিক বৈঠকে শনাক্তকৃত সমস্যাগুলো নিয়ে আলোচনা হলেও কোনো সিদ্ধান্ত হয়নি বলে বৈঠক সূত্র থেকে জানা গেছে।
পোশাক শ্রমিক ও মালিকদের সাথে সরকারের এই বৈঠকে উপস্থিত ছিলেন জাতীয় গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের সভাপতি আমিনুল হক। তিনি বলেন, ‘জরুরি বৈঠকে শ্রমিকদের পর্যালোচনা কমিটির ওপর আস্থা রাখার আহবান জানিয়েছেন কমিটির আহ্বায়ক আফরোজা খান। বৈঠকে সমস্যাগুলো দ্রুত সমাধানের ব্যাপারে সবাই একমত হয়েছেন।’
পোশাক খাতের সমস্যাগুলো দ্রুত সমাধানের লক্ষ্যেই আজকের মিটিং ডাকা হয়েছে বলেও জানান তিনি। তবে এতে কোনো সিদ্ধান্ত হয়নি। আগামীকাল রবিবার (১৩ জানুয়ারি) কমিটির নির্ধারিত বৈঠক আছে এবং সেখানে একটা ভালো ফল পাওয়া যাবে বলে জানান তিনি।
এর আগে পোশাক শ্রমিকদের মজুরি কাঠামো পর্যালোচনার জন্য ১২ সদস্যের একটি কমিটি গঠন করা হয়। শনিবার এই কমিটির দ্বিতীয় বৈঠক বসে। এর আগে বৃহস্পতিবার (১০ জানুয়ারি) পোশাক শ্রমিকদের দাবি ও সমস্যা নিরসনে পর্যালোচনা কমিটির প্রথম বৈঠক অনুষ্ঠিত হয়।
সেই বৈঠকের ধারাবাহিকতায় আজকের মিটিংয়ে পোশাক শ্রমিকদের কাজে যোগ দেওয়ার জন্য অনুরোধ জানিয়েছেন আফরোজা খান। তিনি বলেন, ‘যেহেতু মজুরি কাঠামোর মূল সমস্যা চিহিৃত করা হয়েছে, সেহেতু খুব দ্রুত এর সমাধান করা হবে। আপনারা (পোশাক শ্রমিক) সরকারের প্রতি আস্থা রাখুন, কমিটির প্রতি আস্থা রাখুন. প্রত্যেকে কাজে যোগ দিন।’
আরও পড়ুন: সাজেকে সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত ৬
বৈঠকে বিজিএমইএ’র সাবেক সভাপতি ও সংসদ সদস্য সালাম মুর্শেদী, বাণিজ্য সচিব মফিজুল ইসলাম, বিজিএমইএ’র সভাপতি সিদ্দিকুর রহমান, এফবিসিসিআই’র সভাপতি সফিউল ইসলাম মহিউদ্দিন, জাতীয় গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের সভাপতি আমিরুল হক আমিনসহ কমিটির ১২ সদস্য উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, বেতন কাঠামোর বৈষম্য দূর করাসহ বিভিন্ন দাবিতে গত ৬ জানুয়ারি থেকে আন্দোলন করছেন পোশাক শ্রমিকরা। আন্দোলনের ফলে টানা তিন দিন শ্রমিকরা অবস্থান করে বিভিন্ন সড়কে। এসময় বাসে অগ্নিসংযোগেরও ঘটনা ঘটে।
ইত্তেফাক/জেডএইচডি

