'ভিডিও ফুটেজে দেখা গেছে রাজধানীর পুরান ঢাকার চকবাজারের চুড়িহাট্টায় ভয়াবহ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়েছিল গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ থেকে', বলে জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) মেয়র সাঈদ খোকন। শনিবার (২৩ ফেব্রুয়ারি) দুপুরে নিজ তত্ত্বাবধানে চকবাজারের ওয়াহিদ ম্যানশনের বেজমেন্ট থাকা কেমিকেলের গোডাউন অপসারণে এসে সাংবাদিকদের এসব কথা জানান তিনি।
তিনি বলেন, 'অগ্নিকাণ্ডের ঘটনার সূত্রপাতের সময়ের ভিডিও ফুটেজ পাওয়া গেছে। পুলিশের একটি বিশ্বস্ত সূত্র আমাকে জানিয়েছেন, একটি গাড়ির সিলিন্ডার থেকে এ আগুনের সূত্রপাত হয়। ফুটেজ বলছে, আগুনের সূত্রপাত সিলিন্ডার। সিলিন্ডারের আগুন লাগার পর মুহূর্তের মধ্যেই ভবনটিতে আগুন ছড়িয়ে পড়ে'।
এদিকে সকালে চকবাজার অগ্নিকাণ্ডের ঘটনাস্থল পরিদর্শনে এসে বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের জানান, 'প্রথমে চকবাজার, এরপর পর্যায়ক্রমে পুরান ঢাকা থেকে সব কেমিকেল গোডাউন সরিয়ে নেওয়া হবে।’
এর আগে বুধবার রাতে পুরান ঢাকার চকবাজারের চুড়িহাট্টার ৬৪ নম্বর ওয়াহেদ ম্যানশনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে এবং তা আশপাশের আরও তিনটি ভবনে দ্রুত ছড়িয়ে পড়ে। ফায়ার সার্ভিসের ৪০টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় সরকারি হিসাব মতে মোট ৬৮জন নিহত হয়েছে। আহত ও দগ্ধ অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি হন ৪১ জন। এদের মধ্যে দুইজনকে আইসিইউতে রাখা হয়েছে।
আরও পড়ুন: ২০ দিনে দেশে দেড় হাজার ফেসবুক আইডি বন্ধ
অগ্নিকাণ্ডের উৎস খুঁজে বের করা ও ভবিষ্যতে যাতে এ ধরণের ঘটনা না ঘটে সে জন্য কর্মপন্থা নির্ধারণ করে সরকারকে সুপারিশ দেওয়া ও দুর্ঘটনার সার্বিক বিষয় তদন্তের জন্য সুরক্ষাসেবা বিভাগের অতিরিক্ত সচিব (অগ্নি অনুবিভাগ) প্রদীপ রঞ্জন চক্রবর্তীকে আহ্বায়ক করে পাঁচ সদস্যের কমিটি গঠন করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। এই কমিটিকে আগামী ৭ দিনের মধ্যে প্রতিবেদনে জমা দিতে বলা হয়েছে। পাশাপাশি অগ্নিকাণ্ডের ঘটনায় দোষীদের চিহ্নিত করতে ১১ সদস্যের কমিটি গঠন করেছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন (ডিএসসিসি)। এছাড়াও অগ্নিকাণ্ডের কারণ অনুসন্ধান, প্রাথমিক ক্ষয়ক্ষতি নিরূপণ এবং এমন দুর্ঘটনার পুনরাবৃত্তি রোধে সুপারিশ প্রদানের জন্য শিল্প মন্ত্রণালয় ১২ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছে।
ইত্তেফাক/জেডএইচডি

