রাজধানীর দারুস সালামে যাত্রা শুরু হলো কাজী ফার্মস কিচেনের নতুন আউটলেটের। শনিবার (৬ এপ্রিল) দারুস সালাম টাওয়ার শপিং কমপ্লেক্সে গীতিকার, নাট্যকার ও অভিনেতা রেজাউর রহমান রিজভী ও তার দুই বন্ধু আশরাফুল ইসলাম জুয়েল ও আবু সালেহর উদ্যোগে গ্র্যান্ড ওপেনিংয়ের মাধ্যমে শুরু হলো রেস্টুরেন্টটির আনুষ্ঠানিক যাত্রা।
দুপুরে ফিতা কেটে দিনব্যাপী আয়োজিত ওপেনিং অনুষ্ঠানের উদ্বোধন করেন কাউন্সিলর রাজিয়া সুলতানা ইতি, দারুস সালাম থানা আওয়ামীলীগের সহ-সভাপতি সোহবার হোসেনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিগণ ও সাংবাদিকরা। বিকেলে কাজী ফার্মস কিচেনের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে আউটলেটের উদ্বোধন করেন ফিরোজ আলম, এজিএম, ফাঞ্চাইজি অপারেশন। আর সন্ধ্যায় উদ্যোক্তাদের শুভকামনা জানাতে আসেন অভিনেত্রী ও নাট্যকার ফারজানা ছবি।
এ সময় কাউন্সিলর রাজিয়া সুলতানা ইতি বলেন, 'দারুস সালাম এলাকায় তিন বন্ধুর উদ্যোগে প্রতিষ্ঠিত এই রেস্টুরেন্টটির জন্য আমার সব সময় শুভকামনা থাকবে। উপরন্তু রেস্টুরেন্টের সঙ্গে থাকা কিডস জোনটি আমার কাছে বেশ চমৎকার সংযোজন বলেই মনে হয়েছে'।
যাত্রা শুরু করা এই রেস্টুরেন্ট নিয়ে রেজাউর রহমান রিজভী বলেন, 'দারুস সালাম এলাকায় মানসম্মত ভালো খাবারের দোকানের স্বল্পতা রয়েছে। সেই দিক বিবেচনা করে দুই বন্ধু জুয়েল ও সালেহকে নিয়ে আমার এই নতুন উদ্যোগ। সকলের কাছে দোয়া ও আশীর্বাদ চাই যেন আমরা সকলকে তাদের প্রত্যাশা অনুযায়ী মান বজায় রাখতে পারি'।
আরও পড়ুন: স্টার্টআপ ওয়ার্ল্ড কাপে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবে 'রেপটো'
উল্লেখ্য, কাজী ফার্মস কিচেনের নতুন এই আউটলেটে চিকেনের সব ধরণের প্রস্তুতকৃত খাদ্য, ফ্রোজেন আইটেম, আইসক্রিম, সফট ড্রিংকস ও চা-কফির ব্যবস্থা রয়েছে। এছাড়া শিশুদের খেলার জন্য রয়েছে চমৎকার কিডস জোন। গ্র্যান্ড ওপেনিং উপলক্ষে আগামী ১০ এপ্রিল পর্যন্ত এখানে সব ধরণের ফ্রাই ও ফ্রোজেন পণ্যে ২০% মূল্যছাড় থাকবে বলে রেস্টুরেন্ট সূত্রে জানা গেছে।
ইত্তেফাক/ জেডএইচডি

