বাংলা সাহিত্যের প্রাণপুরুষ আধুনিক বাংলা কাব্যের রূপকার অমিত্রাক্ষর ছন্দের প্রবর্তক মহাকবি মাইকেল মধুসূদন দত্তের ১৯৫তম জন্মবার্ষিকী ২৫ জানুয়ারি। এ উপলক্ষে কবির জন্মভূমি যশোর জেলার কেশবপুর উপজেলার সাগরদাঁড়িতে গতকাল মঙ্গলবার থেকে শুরু হয়েছে সপ্তাহব্যাপী মধুমেলার। এ মেলা চলবে আগামী ২৮ জানুয়ারি পর্যন্ত।
গতকাল বিকালে সপ্তাহব্যাপী মধুমেলার উদ্বোধন করেন পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য। এসময় উপস্থিত ছিলেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ইসমাত আরা সাদেক এমপি, মো. নাসির উদ্দীন এমপি, খুলনার অতিরিক্ত বিভাগীয় কমিশনার নিশ্চিন্ত কুমার পোদ্দার, যশোর জেলা প্রশাসক আব্দুল আওয়াল, যশোরের পুলিশ সুপার মঈনুল হক বিপিএম, কেশবপুর উপজেলা চেয়ারম্যান এইচ এম আমির হোসেন, কেশবপুর পৌর মেয়র রফিকুল ইসলাম মোড়ল। কেশবপুর উপজেলা নির্বাহী অফিসার মিজানূর রহমান প্রমুখ।
এবারের মেলায় সার্কাস, নাগরদোলা ছাড়াও কুটির শিল্প ও গ্রামীণ পসরার প্রায় ৫০০ স্টল বসেছে। আলোচনা সবার আগে প্রতিমন্ত্রীসহ অতিথিবৃন্দ ফিতা কেটে, বেলুন ও কবুতর উড়িয়ে সপ্তাহব্যাপী মধু মেলার শুভ উদ্বোধন করেন।
আরো পড়ুন: গুগলে খুঁজুন হারানো ফোন
দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের সর্ব বৃহৎ এই মেলায় গ্রাম বাংলার ঐতিহ্যবাহী কারুশিল্প, কৃষি ও লোকজ সামগ্রীর সমাহারসহ বিভিন্ন প্রকার সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভার আয়োজন করা হয়েছে।
উন্মুক্ত মঞ্চে প্রতিদিন মহাকবির জীবনীর উপর আলোচনা, সাংস্কৃতিক অনুষ্ঠানের পাশাপাশি সার্কাস, ইঞ্জিন ট্রেন, মৃত্যুকুপ ও বিসিকের স্টল বসেছে। প্রতিদিন কবির সৃষ্টি, সাহিত্য ও জীবনীর উপর বিষয় ভিত্তিক আলোচনায় অংশ গ্রহণ করবেন দেশের বিশিষ্ট শিক্ষাবিদ ও কবি সাহিত্যিকগণ। এ ছাড়া প্রতিদিন সন্ধ্যায় মধু মঞ্চে দেশের বরেণ্য খ্যাতিমান শিল্পীরা সংগীত পরিবেশন করবেন।
ইত্তেফাক/মোস্তাফিজ

