তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেছেন, দেশের প্রতিবন্ধী জনগোষ্ঠীকে কেন্দ্রীয় তথ্য ভাণ্ডারের (সেন্ট্রাল ডাটা বেজ) আওতায় আনা হবে। সরকার দেশের প্রতিবন্ধী জনগোষ্ঠীকে প্রশিক্ষণ প্রদানের মাধ্যমে স্বনির্ভর করে তুলতে বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করছে। এছাড়া তারা যেন যোগ্যতা অনুযায়ী চাকরি পেতে পারে এবং উপযুক্ত প্রশিক্ষণের মাধ্যমে উদ্যোক্তা হতে পারে সে লক্ষ্যে কার্যক্রম গ্রহণ করা হবে।
রবিবার পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের সভা কক্ষে ভিডিও কনফারেন্সের মাধ্যমে আইসিটি বিভাগের অধীন বিসিসি’র ৬টি আঞ্চলিক কার্যালয়ে প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য ‘নিউরো ডেভোলপমেন্টাল ডিজঅর্ডার প্রকল্প’ এর আওতায় কম্পিউটার ট্রেনিং কোর্সের উদ্বোধনী অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।
পলক বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণে যে ঘোষণা দিয়েছিলেন সে ডিজিটাল বাংলাদেশ গড়ার ক্ষেত্রে সরকার অনেক দূর এগিয়ে গেছে।
তিনি বলেন, সরকার ২০১৩ সালে প্রতিবন্ধী জনগোষ্ঠীর উন্নয়নে প্রতিবন্ধীদের অধিকার ও সুরক্ষা আইন পাশ করেছে। যারা নিজের ভাগ্য নির্ধারণে লড়াই চালিয়ে যাচ্ছেন, শারীরিক প্রতিবন্ধকতাকে জয় করার জন্য লড়াই করছেন তাদের স্বয়ংসম্পূর্ণ করতে সকল প্রচেষ্টা অব্যাহত থাকবে।
আরও পড়ুন: ২২ হাউজিং কোম্পানির কার্যক্রমে স্থিতাবস্থা
ইত্তেফাক/এমআই

