বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ষষ্ঠ আসরের এলিমিনেটর পর্বের প্রথম ম্যাচে ঢাকা ডাইনামাইটসকে ১৩৬ রানের টার্গেট দিয়েছে চিটাগাং ভাইকিংস। সোমবার (৪ ফেব্রুয়ারি) দিনের প্রথম ম্যাচে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় টিটাগাং। প্রথম ইনিংসের নির্ধারিত ২০ ওভার শেষে ৮ উইকেটের বিনিময়ে চিটাগাংয়ের সংগ্রহ ১৩৫ রান। জয়ের জন্য ঢাকার দরকার ১৩৬ রান।
মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে দিনের শুরুতে টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয় চিটাগাং ভাইকিংস। প্রথমে ব্যাট করতে নেমে দলীয় ২২ রানে প্রথম উইকেট হারায় চিটাগাং। ব্যক্তিগত ৮ রানে ফেরেন ওপেনার ইয়াসির আলী। প্রপ্তহম উইকেট হারিয়ে তিন নম্বরে নামা সাদমান ইসলামকে সঙ্গে নিয়ে দলের হাল ধরেন আরেক ওপেনার ক্যামেরন ডেলপোর্ট। তবে ব্যক্তিগত ৩৬ রান করে সাজঘরে ফেরেন তিনি। দলীয় ৫৬ রানেই চিটাগাং হারায় ২ উইকেট। এরপর অধিনায়ক মুশফিকুর রহিম ৮, সাদমান ইসলাম ২৪, দাসুন শানাকা ৭, ফ্রাইলিঙ্ক ১, ও ভিলজোন ১ রান করে মাঠ ছাড়েন। ডেলপোর্টের পর অন্যান্যরা পর পর সাজঘরে ফিরলেও রানের চাকা সচল রাখেন মোসাদ্দেক হোসেন। ইনিংসের শেষ পর্যায়ে রানআউটের শিকার হয়ে মোসাদ্দেক সাজঘরে ফেরেন ইনিংসসর্বোচ্চ ৪০ রান করে। ইনিংস শেষে নাঈম হাসান ৬ ও আবু জায়েদ ১ রানে অপরাজিত থাকেন।
আরও পড়ুন: ব্যালট বাক্স ছিনতাই: বিএনপির ১৪ নেতাকর্মী কারাগারে
এদিকে বল হাতে ঢাকার পক্ষে নিজের ৪ ওভারে সর্বোচ্চ ৪টি উইকেট তুলে নেন সুনীল নারাইন। এছাড়াও রুবেল হোসেন ও কাজী অনিক নেন ১টি করে উইকেট।
শেষ খবর পাওয়া পর্যন্ত ১৩৬ রানের লক্ষ্যে ব্যাট করছে ঢাকা। তাদের সংগ্রহ ৫ ওভার শেষে এক উইকেটের বিনিময়ে ৪৪ রান।
বিপিএলের চলতি আসরের এই পর্বে ম্যাচে হেরে যাওয়া দল আসর থেকে সরাসরি ছিটকে যাবে। এমন পরিস্থিতিতেই মুখোমুখি হয়েছে চিটাগাং ভাইকিংস ও ঢাকা ডাইনামাইটস।
ইত্তেফাক/জেডএইচডি

