জেএমবির উত্তরাঞ্চলের প্রধান সমন্বয়ক আব্দুর রহমান বিশ্বাস ও তার তিন সহযোগীসহ চারজনকে গ্রেপ্তার করেছে রংপুর র্যাব-১৩। তাদের কাছ থেকে ২টি আগ্নেয়াস্ত্র, গুলি, মোবাইল ফোন ও নগদ টাকা এবং একটি মোটরসাইকেল জব্দ করা হয়েছে।
রংপুরে র্যাব-১৩ কার্যালয়ে সংবাদ সম্মেলনে সিইও মোজাম্মেল হক জানান, গত ৭ জানুয়ারি রাতে রংপুরের তারাগঞ্জ উপজেলার মমিনপুর এলাকায় অভিযান চালানো হয়। এ সময় একটি বাড়ি থেকে জেএমবির উত্তরাঞ্চলের প্রধান সমন্বয়ক আবদুর রহমান বিশ্বাসকে গ্রেপ্তার করা হয়। একই এলাকায় অভিযান চালিয়ে তার সহযোগী লোকমান আলী, মিজানুর রহমান ও আছিনুর ইসলাম নামে জেএমবির তিন সদস্যকেও গ্রেপ্তার করা হয়।
এর আগে রাজধানীর হলি আর্টিজানে হামলার ঘটনায় জড়িত থাকার অভিযোগে সম্প্রতি আব্দুর রহমান বিশ্বাসের বাবা জেএমবি নেতা মাওলানা আবুল কাসেমকে গ্রেপ্তার করে পুলিশের কাউন্টার টেরোরিজম ইউনিট।
আরও পড়ুনঃ ১৩ রোহিঙ্গাকে বাংলাদেশে ফেরত পাঠালো সৌদি আরব
র্যাব-১৩ এর সিইও মোজাম্মেল হক বলেন, ‘গ্রেপ্তারকৃতদের কাছ থেকে তাদের নেটওয়ার্কের অন্যান্যদের নাম, ভবিষ্যৎ কর্মপরিকল্পনা এবং সরকার ও রাষ্ট্রবিরোধী পরিকল্পনার কথা জানা গেছে।’ পরবর্তীতে জড়িত অন্যান্যদেরকেও গ্রেপ্তার করে মিডিয়ার সামনে উপস্থিত করা হবে বলে জানান তিনি। এ রিপোর্ট লেখা পর্যন্ত র্যাব-১৩এর হেফাজতে প্রাথমিক জিজ্ঞাসাবাদ চলছিলো।
ইত্তেফাক/কেকে

