৮০ জন যাত্রী নিয়ে উল্টে গেলো পিকনিকের বাস, নিহত ১

আপডেট : ১৮ ফেব্রুয়ারি ২০১৯, ১৫:২৫

পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলায় একটি স্কুলের পিকনিকের বাস উল্টে নিহত হয়েছে এক শিক্ষার্থী। এ ঘটনায় আহত হয়েছে  ৩০ জন। সোমবার সকাল ১০টার দিকে উপজেলার শালবাহানের রওশনপুরে এ দুর্ঘটনা ঘটে।

নিহত শিক্ষার্থীর নাম সজীব কুমার সিং। সে রশেয়া দ্বি-মুখী উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির ছাত্র।

বাসটি আটোয়ারি উপজেলার রশেয়া দ্বি-মুখী উচ্চ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদের নিয়ে তেঁতুলিয়ায় পিকনিকে যাচ্ছিলো। এতে ৬৫ জন শিক্ষার্থীসহ অন্তত ৮০ জন যাত্রী ছিল বলে জানা গেছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, আটোয়ারি থেকে সকালে পিকনিকের জন্য বাসটি ছেড়ে আসে শালবাহান বাজারের রওশনপুর এলাকায় পিকনিক স্পটে। বাসটি রওশনপুর এলাকায় কাঁচা রাস্তায় মোড় নিতে গেলে হঠাৎ উল্টে যায়। এতে হতাহতের ঘটনা ঘটে।

আরো পড়ুন: পাকিস্তানকে ২ হাজার কোটি ডলার দিচ্ছেন সৌদি যুবরাজ

অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মুহাম্মদ গোলাম আজম বিষয়টি নিশ্চিত করে জানান, বাসটিতে অন্তত ৭০ থেকে ৮০ জন যাত্রী ছিল। ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে পাঠানো হয়েছে। আহতদের পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে ভর্তি করে প্রাথমিকভাবে চিকিৎসা দেওয়া হচ্ছে। 

ইত্তেফাক/অনি