সাবেক পাট ও বস্ত্র মন্ত্রী লতিফ সিদ্দিকীর বিরুদ্ধে বগুড়ায় দুদকের চার্জশিট

আপডেট : ১৮ ফেব্রুয়ারি ২০১৯, ১৬:২৮

সাবেক বস্ত্র ও পাট মন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকীসহ দুইজনের বিরুদ্ধে চার্জসিট (অভিযোগপত্র) দাখিল করেছে বগুড়া সমন্বিত জেলা দুর্নীতি দমন কমিশন (দুদক)। বগুড়ার আদমদীঘি উপজেলায় অবৈধভাবে সরকারি জমি বিক্রি করে প্রায় ৪১ লাখ টাকা ক্ষতি করায় সোমবার দুদকের সহকারি পরিচালক আমিনুল ইসলাম বগুড়ার আদালতে এই অভিযোগপত্র দাখিল করেন। অভিযোগপত্রে লতিফ সিদ্দিকী ছাড়াও জমির ক্রেতা জাহানারা রশিদকে অভিযুক্ত করা হয়েছে।

অভিযোগপত্রে বলা হয়, সরকারি এই জমি ইজারা নেওয়ার জন্য ২০১০ সালের ১১মে বস্ত্র ও পাট মন্ত্রণালয়ে আবেদন করেন জাহানারা রশিদ। তার আবেদনের পরিপ্রেক্ষিতে সে সময় ১ লাখ ২০ হাজার টাকায় বাংলাদেশ জুট করপোরেশনের আওতায় সরকারি জমি ইজারা দেওয়া হয়। কিন্তু তিনি ইজারার টাকা পরিশোধ করেননি। মন্ত্রীর আত্মীয় হওয়ার কারণে জাহানারা জমি দখলে নিয়েছিলেন।

২০১১ সালের নভেম্বর মাসে তিনি ওই জমি ক্রয়ের জন্য মন্ত্রণালয়ে আবেদন করেন। তার আবেদনের পরিপ্রেক্ষিতে সরকারি সম্পত্তি বিক্রয়ের নীতিমালা ভঙ্গ করে উন্মুক্ত দরপত্র ছাড়াই বিক্রি করেন। সরকারি মূল্যের ৬৪ লাখ ৬৯ হাজার ২১ টাকা মূল্যের জমি বিক্রি করা হয় মাত্র ২৩ লাখ ৯৪ হাজার ৭৭৪ টাকায়। এসব করেছেন মন্ত্রী একক ক্ষমতাবলে। প্রতারণার মাধ্যমে নিজে আর্থিকভাবে লাভবান হয়ে মন্ত্রী সরকারের ৪০ লাখ ৬৯ হাজার ২১ টাকা ক্ষতি করেছেন। এতে দন্ডবিধির ৪২০/১০৯ ধারায় শাস্তিযোগ্য অপরাধ করেছেন। তদন্তে এর প্রাথমিক সত্যতা পাওয়া গেছে।

আরও পড়ুনঃ স্কুলছাত্রী বৃষ্টির ঘাতক স্বামীর বিচারের দাবি মানববন্ধন

মামলার বাদী ও তদন্তকারী কর্মকর্তা আমিনুল ইসলাম জানান, ‘বিলুপ্ত বাংলাদেশ জুট কর্পোরেশনের (বিজেসি) প্রায় ৬৫ লাখ টাকা মূল্যের জমি লতিফ সিদ্দিকী ও বেগম জাহানারা রশিদ পরস্পর যোগসাজশে সরকারি টাকা ক্ষতি সাধন করেছেন। তদন্তে এর প্রমাণ মিলেছে।’

ইত্তেফাক/নূহু