অনার্স ফাইনাল পরীক্ষা দেওয়া হলো না ঢাবি ছাত্র কাওসারের

আপডেট : ২৩ ফেব্রুয়ারি ২০১৯, ১৫:২০

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবস্থাপনা বিভাগের অনার্স ৪র্থ বর্ষের মেধাবী শিক্ষার্থী ও কুরআনে হাফেজ কাওসার আহমেদের অনার্স ফাইনাল পরীক্ষা দেওয়া হলো না!

গরীব ঘরে জন্ম নেওয়া মেধাবী কাওসারের স্ত্রী ও মা বাবার স্বপ্ন ছিল সে লেখাপড়া শেষে ভালো চাকরি করে পরিবারের স্বচ্ছলতা আনবে। তা আর হলো না। তাদের স্বপ্ন স্বপ্নই রয়ে গেলো। গত বুধবার রাতে রাজধানীর চকবাজারে আগুনে পুড়ে নিহত হন কাওসার। তিনি উপজেলার শ্রীপুর গ্রামের ডা. খলিলুর রহমানের পুত্র। তিনি দুই বছর আগে ছাত্র অবস্থায়ই বিয়ে করেছিলেন। 

তার আবদুল্লাহ এবং নুসাইবা নামে ১১মাস বয়সী দুটি জমজ সন্তান রয়েছে। নিজের পড়াশোনার খরচ ও পরিবারের ভরণপোষণ করতে হতো তাকে। তাই পড়াশোনার পাশাপাশি চকবাজারে একটি ওষুধের দোকান চালাতেন তিনি। তার এ অকাল মৃত্যুতে আত্মীয় স্বজনসহ পুরো উপজেলায় চলছে শোকের মাতম।

নিহতের পরিবারের সদস্যদের সমবেদনা জানাতে স্থানীয় এমপি সেলিমা আহমাদ ছুটে যান কাওসারের বাড়িতে। এ সময় এমপি সেলিমা আহমাদ তার স্ত্রীকে সান্ত্বনা দিয়ে তাকে একটি চাকরির ব্যবস্থা করে দেবেন বলে আশ্বাস দেন। এছাড়া উপজেলা চেয়ারম্যান অ্যাড. আজিজুর রহমান মোল্লা, ইউএনও আজগর আলী, ওসি সৈয়দ মো. ফজলে রাব্বি, স্থানীয় ইউপি চেয়ারম্যান তাজুল ইসলাম মোল্লাসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দসহ স্বজনরা তার পরিবারের সদস্যদের সান্ত্বনা দিতে তার বাড়িতে এসেছেন।

আরও পড়ুনঃ টেকনাফে সশস্ত্র রোহিঙ্গারা তুলে নিয়ে হত্যা করলো পল্লী চিকিৎসককে

ইউএনও আজগর আলী জেলা ও উপজেলা প্রশাসনের পক্ষ থেকে তার পরিবারকে ২০ হাজার টাকা আর্থিক অনুদান দেন। শুক্রবার শ্রীপুর গ্রামে তার নামাজে জানাযা শেষে তাকে স্থানীয় কবরস্থানে দাফন করা হয়।

ইত্তেফাক/নূহু