মায়ের কোল থেকে সন্তান নদীতে পড়ে গেলে তাকে বাঁচাতে নদীতে ঝাঁপিয়ে পড়েছিলেন মা নিজেই। ফায়ার সার্ভিসের সদস্যদের অনেক খোঁজাখুঁজির পরও মেলেনি তাদের হদিস।অবশেষে নিখোঁজ হয়েছিলেন দুইজনই। অবশেষে মুন্সীগঞ্জ সদরের চরকেওয়ার ইউনিয়নের আলীরটেক কাউয়াদি গ্রাম সংলগ্ন মেঘনা নদী থেকে নিখোঁজ মা কহিনুর রহমান ইভার (৩০) মরদেহ উদ্ধার করে পুলিশ। মঙ্গলবার বিকেলে চরআব্দুল্লাহ নৌ-ফাঁড়ি পুলিশ ভাসমান অবস্থায় ওই নারীর মরদেহ উদ্ধার করে।
নিহত কহিনুর রহমান ইভা মুন্সীগঞ্জ শহরের শিলমন্দি এলাকার জিয়াউর রহমানের স্ত্রী। তারা ঢাকার মোহাম্মদপুর ভাড়া থাকেন। এ ঘটনায় সোমবার মোহাম্মদপুর থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়।
চরআব্দুল্লাহ নৌ-ফাঁড়ির ইনচার্জ মো. বাচ্চু মিয়া জানান, সোমবার বিকেলে ঢাকার সদরঘাট থেকে ছেড়ে আসা এমভি ইমাম হাসান-২ নামের লঞ্চ মুন্সীগঞ্জের উদ্দেশ্যে রওনা দেয়। পথভুলে লঞ্চটি চাঁদপুরের দিকে চলে যায়। লঞ্চটি চাঁদপুরের ষাটনল এলাকায় পৌঁছালে তার কোল থেকে সন্তান মোহাম্মদ নদীতে পড়ে যায়। সন্তানকে বাঁচাতে মা ইভা মেঘনায় ঝাঁপ দেন। এ ঘটনায় মা ও সন্তান দুইজনই নিখোঁজ থাকেন।
আরো পড়ুন: মানহীন পানি: তিন কোম্পানির লাইসেন্স বাতিল, স্থগিত সাতটির
তিনি জানান, মঙ্গলবার বিকেলে মেঘনা নদীতে ভাসমান অবস্থায় মা কহিনুর রহমান ইভার মরদেহ উদ্ধার করা হয়। পরবর্তীতে মৃতদেহটি পরিবারের স্বজনদের কাছে হস্তান্তর করা হয়। কিন্তু শিশু সন্তানটির এখনো কোনো খোঁজ পাওয়া যায়নি।
ইত্তেফাক/অনি

