বৃহস্পতিবার সকাল ৯টায় টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার ধলাপাড়ায় এক ব্যক্তি গাছচাপায় নিহত হয়েছেন। নিহতের নাম আব্দুর রহিম সিকদার (৩৫)। তিনি উপজেলার ধলাপড়া ইউনিয়নের বড়মেধার সরিষাআটা গ্রামের আঃ ছামাদ শিকদারের ছেলে।
পুলিশ ও এলাকাবাসী জানায়, আব্দুর রহিম শিকদার সকাল সাড়ে আটটার দিকে মোটরসাইকেলযোগে তার মেয়ে ও স্ত্রীকে স্থানীয় একটি নুরানী মাদরাসায় রেখে বাড়ি ফিরছিলেন। ফেরার পথে ঘাটাইল-সাগরদিঘী সড়কের ধলাপাড়া রেঞ্জ অফিসের পূর্ব পাশে দীর্ঘদিনের একটি মরা আকাশমনি গাছ তার মোটরসাইকেলটির ওপর আছড়ে পড়ে। সঙ্গে সঙ্গে মোটরসাইকেলটি দুমড়ে মুচড়ে যায়। ঘটনাস্থলেই রহিম সিকদারের মৃত্যু হয়।
আরও পড়ুনঃ মোরেলগঞ্জে বজ্রপাতে কৃষকের মৃত্যু
এলাকাবাসী জানায়, ওই জায়গায় ৪/৫টি গাছ দীর্ঘদিন ধরে মরা অবস্থায় দাঁড়িয়ে আছে। কিন্তু কর্তৃপক্ষ মরে যাওয়া গাছগুলো কেটে ফেলার কোন উদ্যোগ নেয়নি। গত দুইদিনের বৃষ্টিতে মরা গাছটি ভেঙে পড়ায় এ মর্মান্তিক ঘটনাটি ঘটেছে।
ইত্তেফাক/নূহু

