গোপালগঞ্জ এক তরুণীকে গণধর্ষণের অভিযোগ উঠেছে। পুলিশ ও স্বজনরা ধর্ষণের শিকার ওই তরুণীকে উদ্ধার করে গোপালগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করেছেন। বৃহস্পতিবার এ ঘটনায় অভিযুক্ত গোপালগঞ্জ সদর উপজেলার গোপীনাথপুর চরপাড়া গ্রামের মৃত দলিল মোল্লার ছেলে শহিদুল মোল্লাকে (৩৫) আটক করেছে পুলিশ।
নির্যাতনের শিকার ওই তরুণী জানান, মঙ্গলবার (৫ মার্চ) জেলা শহরে ডাক্তার দেখিয়ে সন্ধ্যার দিকে বাড়ি ফিরছিলেন তিনি। এ সময় শহরের কাঁচাবাজার ব্রিজ এলাকা থেকে একটি মাহেন্দ্র গাড়িতে (থ্রি হুইলার) উঠেন। কথা ছিল তাকে চন্দ্রদিঘলিয়া বাসস্ট্যান্ডে নামিয়ে দেবে চালক। কিন্তু ওই গাড়িতে থাকা দুই যুবক ও গাড়ি চালক তাকে নির্দিষ্ট স্থানে না নামিয়ে মেরী গোপিনাথপুর এলাকায় নিয়ে যায়। সেখানে একটি সেচ পাম্পের ঘরে নিয়ে তাকে পালাক্রমে ধর্ষণ করে পালিয়ে যায় তারা।
পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে পুলিশে খবর দিলে পুলিশ তাকে গোপালগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করে। ওই তরুণীর বাড়ি গোপালগঞ্জ সদর উপজেলার বরফা গ্রামে।
গোপালগঞ্জ জেনারেল হাসপাতালের সহকারী পরিচালক ডা. অসিত কুমার মল্লিক বলেন, ‘ধর্ষণের অভিযোগ এনে এক তরুণীকে হাসপাতালে ভর্তি হয়েছে। তাকে চিকিৎসা সেবা দেওয়া হচ্ছে। ডাক্তারি পরীক্ষার পর ধর্ষণের বিষিয়টি নিশ্চিত হওয়া যাবে।’
আরও পড়ুনঃ শিবগঞ্জে ৬ষ্ঠ শ্রেণির ছাত্রীকে ধর্ষণের চেষ্টা
গোপালগঞ্জ সদর উপজেলার গোপিনাথপুর পুলিশ তদন্তের কেন্দ্রের পরিদর্শক হযরত আলী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। এ রিপোর্ট লেখা পর্যন্ত থানায় এখনো মামলা দায়ের হয়নি। তবে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানান ওই কর্মকর্তা।
ইত্তেফাক/নূহু

