সাভারে সড়ক দুর্ঘটনায় পাঠাও চালক নিহত

আপডেট : ১৭ মার্চ ২০১৯, ১৮:৩৮

সাভারে সড়ক দুর্ঘটনায় রাইড শেয়ারিং পাঠাওয়ের এক চালক নিহত হয়েছেন। এ ঘটনায় ঘাতক ট্রাকটি জব্দ করা গেলেও এর চালক পালিয়ে গেছেন। আজ রবিবার ভোরে সাভারের আমিনবাজার এলাকায় এ সড়ক দুর্ঘটনা ঘটে। 

নিহত পাঠাও চালকের নাম আব্দুল ওয়ালিদ চৌধুরী (২৭)। তিনি রাজধানীর পল্লবী এলাকার বাসিন্দা আলমগীর হোসেন চৌধুরীর ছেলে। 

পুলিশ জানান, ভোর সাড়ে ৩টার দিকে পাঠাও চালক আব্দুল ওয়ালিদ চৌধুরী সাভার থেকে মোটরসাইকেল নিয়ে ঢাকায় যাওয়ার পথে আমিনবাজার এলাকায় পৌঁছলে একটি ইটবোঝাই ট্রাক তাকে চাপা দেয়। এসময় ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এঘটনায় পুলিশ ঘাতক ট্রাকটি জব্দ করতে পারলেও এর চালককে আটক করা সম্ভব হয়নি। 

আরও পড়ুন: বোমা আতঙ্কে নিউজিল্যান্ডের বিমানবন্দর বন্ধ ঘোষণা

সাভার আমিন পুলিশ ফাঁড়ির এসআই জামাল হোসেন বলেন, ‘নিহতের মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজধানীর সোহরাওয়ার্দী হাসপাতালে পাঠানো হয়েছে। এঘটনায় চালকের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।’

ইত্তেফাক/কেকে