সাতক্ষীরার শ্যামনগরে বাদঘাটা গ্রামে অবস্থিত বে-সরকারি উন্নয়ন সংস্থা ওয়াল্ড ভিশনের নবযাত্রা প্রকল্পের আঞ্চলিক শাখা অফিসে আগুন লাগে। আগুনে ২৩টি মোটরসাইকেল, মাইক্রোবাসসহ অন্যান্য মালামাল পুড়ে যায়। রবিবার রাত আড়াইটার দিকে আগুনের এ ঘটনা ঘটে।
সরেজমিনে দেখা গেছে, নবযাত্রা প্রকল্পে ফিল্ড অফিসে রাতে আগুন লাগে। অফিসের কাজে ব্যবহৃত ২৩ টি মোটর সাইকেল, ৬ টি বাইসাইকেল, ২ টি এসি, ১ টি মাইক্রো বাস ও প্রয়োজনীয় আসবাবপত্র আগুনে পুড়ে যায়।
শ্যামনগর উপজেলা নবযাত্রা প্রকল্পের ফিল্ড অফিস ম্যানেজার রবার্টসন সরকার জানান, রাত আড়াইটার দিকে অফিসে আগুন লাগে। সাথে সাথে কালিগঞ্জ অগ্নিনির্বাপক অফিসে ফোনে সংবাদ দিলে অগ্নিনির্বাপক অফিসের সদস্যরা ঘটনাস্থলে আসে এবং আগুন নিয়ন্ত্রনে আনে।
অফিসে আগুন লাগায় প্রায় কোটি টাকার মালামাল পুড়ে যায় বলে তিনি দাবি করেন।
কালিগঞ্জ ফায়ার সার্ভিসের ইনচার্জ আতিয়ার রহমান জানান, আগুন লাগার সময় ঝড় বৃষ্টি হচ্ছিল এবং বিদ্যুৎ সরবরাহ বন্ধ ছিল।
আরো পড়ুন : খালেদা অসুস্থ, গ্যাটকো দুর্নীতি মামলার অভিযোগ গঠন পেছাল
আগুন লাগার সঠিক কারণ জানাতে পারেননি ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা।
স্থানীয়দের মধ্যে আব্দুর রব, হাদি, মোস্তফা জানান, বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকার পরেও এ ধরনের আগুনের ঘটনা রহস্যজনক।
শ্যামনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) হাবিল হোসেন জানান, ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। তদন্ত সাপেক্ষে আগুন লাগার প্রকৃত কারণ জানা যাবে।
ইত্তেফাক/এমআরএম

