নরসিংদীতে চুরি ঠেকাতে গিয়ে নিরাপত্তাকর্মী নিহত

আপডেট : ০১ এপ্রিল ২০১৯, ২১:০৫

নরসিংদীর ঘোড়াশাল তাপবিদ্যুৎ কেন্দ্রে চোরদলের হামলায় গোলাপ মিয়া (৫০) নামে এক নিরাপত্তা কর্মী নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন নিরাপত্তাকর্মী সাজ্জাদ রহমান (৩০) ও নিরাপত্তা সুপারভাইজার আবুল কালাম আজাদ (৫৫)। নিহত গোলাপ মিয়ার বাড়ি ময়মনসিংহ জেলার গফরগাঁও উপজেলায়। রবিবার (৩১ মার্চ) দিবাগত মধ্য রাতে বিদ্যুৎ কেন্দ্রের পাওয়ার হাউজে এ ঘটনা ঘটে। পলাশ থানার পরিদর্শক (তদন্ত) গোলাম মোস্তফা এ তথ্য নিশ্চিত করেছেন।

পুলিশ ও ঘোড়াশাল তাপবিদ্যুৎ কেন্দ্রের নিরাপত্তা শাখার সহকারী পরিচালক কামাল মজুমদার জানান, রাত দুইটার দিকে একদল চোর ঘোড়াশাল বিদ্যুৎ কেন্দ্রের পাওয়ার হাউজে ঢুকে ক্যাবল বের করতে শুরু করে। ক্যাবল চুরি হচ্ছে টের পেয়ে নিরাপত্তাকর্মীরা চুরি প্রতিরোধ করে।  এতে চোরেরদল ক্ষিপ্ত হয়ে নিরাত্তাকর্মীদের ওপর দেশীয় অস্ত্রশস্ত্র দিয়ে হামলা চালালে ঘটনাস্থলেই গোলাপ মিয়া নিহত হয়। এ সময় আহত হয় আরও দুইজন নিরাপত্তাকর্মী। আহতদের বিদ্যুৎ কেন্দ্রের চিকিৎসালয়ে চিকিৎসা দেওয়া হচ্ছে। 

আরো পড়ুন: নেতারা বলেছিল প্রবেশপত্র আসবে

খবর পেয়ে সকালে নরসিংদীর অতিরিক্ত পুলিশ সুপার জাকির হাসান ঘটনাস্থল পরিদর্শন করেন। পলাশ থানা পুলিশ নিরাপত্তাকর্মী গোলাপ মিয়ার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে।

ইত্তেফাক/অনি