ময়মনসিংহের গফরগাঁও উপজেলার পাগলা থানায় অপহরণের তিনদিন পর অষ্টম শ্রেণির এক ছাত্রীকে (১৪) উদ্ধার করেছে পুলিশ। বুধবার দিবাগত গভীর রাতে উপজেলার মাইজবাড়ি গ্রাম থেকে তাকে উদ্ধার করা হয়। এ ঘটনায় মোঃ শরীফ (২৫) নামে একজনকে গ্রেফতার করা হয়েছে। গত সোমবার বিকালে স্কুল ড্রেস বানাতে মাইজবাড়ি বাজারে যাওয়ার সময় ওই ছাত্রীকে তুলে নেওয়া হয়।
বৃহস্পতিবার দুপুরে ছাত্রীর জবানবন্দি নেওয়ার জেলা অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের আদালতে নেওয়া হয়। পুলিশ ও স্থানীয়দের সূত্রে এসব তথ্য জানা গেছে।
ছাত্রীর বাবা ও স্বজনরা অভিযোগ করেন, ‘তাদের মেয়েকে স্কুলে যাতায়তের পথে মাইজবাড়ি গ্রামের মোঃ সেলিমের বখাটে ছেলে মোঃ শরীফ উত্ত্যক্ত করে আসছিল। মোঃ শরীফ সন্ত্রাসী ও গুণ্ডা প্রকৃতির হওয়ায় প্রতিবাদ করার সাহস করেনি তারা। গত সোমবার বিকালে মেয়ে স্কুল ড্রেস বানাতে মাইজবাড়ি বাজারে দর্জির কাছে যাচ্ছিল। পথিমধ্যে গ্রামের রাস্তা থেকে মোঃ শরীফ ও তার সঙ্গীরা ওই স্কুল ছাত্রীকে সিএনজিতে তুলে নিয়ে যায়। দুইদিন বিভিন্ন স্থানে রেখে বুধবার রাতে ওই স্কুল ছাত্রীকে মোঃ শরীফের বাড়িতে নিয়ে আসে। পাগলা থানায় জানালে বুধবার রাত একটার দিকে পাগলা থানা পুলিশ অভিয়ান চালিয়ে মোঃ শরীফের বাড়ি থেকে স্কুল ছাত্রীকে উদ্ধার ও মোঃ শরীফকে গ্রেফতার করে।’
আরও পড়ুনঃ যশোরে হাসপাতাল কর্মচারীকে পুলিশের মারপিট, প্রতিবাদে বিক্ষোভ
পাগলা থানার ওসি মোঃ শাহিনুজ্জামান বলেন, এ ঘটনায় স্কুল ছাত্রীর বাবা বাদী হয়ে পাগলা থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনের ধারায় মামলা দায়ের করেছে। বৃহস্পতিবার আসামি মোঃ শরীফকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। এছাড়া ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ছাত্রীর ডাক্তারী পরীক্ষা করানো হয়েছে। তার (ছাত্রী) জবানবন্দি রেকর্ড করানোর জন্য অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে পাঠানো হয়।’
ইত্তেফাক/নূহু

