পটুয়াখালীর দুমকিতে গ্যাসের সিলিন্ডার বিস্ফোরণে এক গৃহস্থের বসত ঘর সম্পূর্ণ পুড়ে গেছে। বুধবার রাত সাড়ে ৮টার দিকে উপজেলার শ্রীরামপুর ইউনিয়নের রাজাখালী গ্রামের গাবতলি বাজার সংলগ্ন আবদুস ছাত্তারের বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটে। এ সময় বাড়ির সবাই বাইরে থাকায় হতাহতের কোনো ঘটনা ঘটেনি।
ক্ষতিগ্রস্ত বাড়ির মালিক আবদুস ছাত্তার জানান, রাত সাড়ে ৮টার দিকে বিকট শব্দ ও বিস্ফোরণের সঙ্গে ঘরের চারিদিক থেকে আগুনের কুণ্ডলী উঠতে দেখা যায়। এ সময় স্থানীয়রা আগুন নেভানোর চেষ্টা করে ব্যর্থ হয়। পরে পটুয়াখালী ফায়ার সার্ভিসে খবর দিলে তাদের একটি টিম ঘটনাস্থলে পৌঁছে। ততক্ষণে ঘরটির মালামালসহ সম্পূর্ণ পুড়ে যায়।
আরো পড়ুন: মুরগীর বাচ্চা বাঁচাতে ১০ টাকা নিয়ে হাসপাতালে শিশু
স্থানীয় ইউপি সদস্য মোস্তাফিজুর রহমান বাচ্চু জানান, গ্যাস সিলিন্ডার বিস্ফোরিত হলে চারিদিকে আগুন ছড়িয়ে পড়ে। এতে কেউ ওই ঘরের ধারে কাছে যেতে পারেনি। তবে ঘটনার সময় পরিবারের কেউ বাড়িতে না থাকায় সবাই হতাহতের হাত থেকে রক্ষা পেয়েছে।
ইত্তেফাক/অনি

