জয়পুরহাটের পাঁচবিবিতে কড়িয়া ইসলামিয়া সিনিয়র মাদরাসার দশম শ্রেণির এক ছাত্রীকে (১৬) ধর্ষণের চেষ্টায় ব্যর্থ হয়ে ওই ছাত্রীকে জখম করে পালিয়েছে এক বখাটে। বখাটে নাজমুল হক উপজেলার পশ্চিম কড়িয়া গ্রামের আবুল কাশেমের ছেলে। আহত অবস্থায় ওই ছাত্রীকে রাতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। বৃহস্পতিবার এই ঘটনাটি ঘটে।
ওই ছাত্রী জানায়, গত দুই বছর ধরে মাদরাসায় যাতায়াতের সময় নাজমুল হক তাকে উত্যক্ত করে আসছিল। বৃহস্পতিবার রাত ৯টার দিকে বাথরুমে যাওয়ার জন্য বের হলে নাজমুল তাকে জাপটে ধরে। এ সময় চিৎকার করলে নাজমুল পালিয়ে যাবার সময় তাকে জখম করে।
মাদ্রাসার শিক্ষক আবুজার বলেন, ওই ছাত্রী একাধিকবার মৌখিক অভিযোগ দিয়েছিল। নাজমুলকে বোঝানোর চেষ্টা করেছি। কিন্তু সে বেপরোয়া ছিল। এ নিয়ে একাধিকবার মাদরাসায় বৈঠক হয়েছে।
আরো পড়ুন: তজুমদ্দিনে ভাঙ্গনের কবলে ৭ কি.মি. বেড়িবাঁধ
অধ্যক্ষ আনিছুর রহমান বলেন, লিখিত অভিযোগ না পাওয়ায় কোনো ব্যবস্থা নিতে পারিনি। ওই স্কুলছাত্রীর বাবা জানান, নাজমুল আমাকে মুঠোফোনে হুমকি দিত। আমি মূর্খ মানুষ। প্রধানমন্ত্রীর ভাষণ শুনে উদ্বুদ্ধ হয়ে মেয়েকে শিক্ষিত করতে গিয়ে আজ এই করুন পরিণতি। আমি এর বিচার চাই।
পাঁচবিবি থানার অফিসার ইনচার্জ মো. বজলার রহমান বলেন, বিষয়টি জানার পর একজন অফিসারকে পাঠিয়েছিলাম। লিখিত অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।
ইত্তেফাক/অনি

