ভারতে আগামী ৪ ফেব্রুয়ারি কুম্ভমেলায় গঙ্গা ও যমুনার সঙ্গমস্থলে পূণ্যস্নান করার পর কংগ্রেসের সাধারণ সম্পাদকের দায়িত্ব নেবেন প্রিয়াংকা গান্ধী। ওইদিন লক্ষৌতে রাহুল গান্ধীর সঙ্গে যৌথ সাংবাদিক সম্মেলন করার পর আনুষ্ঠানিকভাবে আগামী লোকসভা নির্বাচনে পূর্ব উত্তরপ্রদেশের নির্বাচন সংক্রান্ত সাংগঠনিক কাজকর্ম পরিচালনার কাজ নিজের হাতে তুলে নেবেন প্রিয়াংকা।
কংগ্রেস সূত্রে এসব তথ্য জানা গেছে। দীর্ঘদিনের জল্পনা উড়িয়ে গত সপ্তাহে প্রিয়াংকার রাজনীতিতে যোগ দেওয়ার কথা জানিয়েছিল কংগ্রেস। পূর্ব উত্তরপ্রদেশ যা বিজেপির দুর্গ হিসেবেই পরিচিত সেখানেই কংগ্রেসের হয়ে সেনাপতির দায়িত্ব সামলাবেন সাবেক প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর নাতি প্রিয়াংকা গান্ধী।
আরও পড়ুন: ‘সমালোচনায় আমি কান দিই না’
পূর্ব উত্তরপ্রদেশেই ভোটে লড়েন নরেন্দ্র মোদী এবং যোগী আদিত্যনাথের মতো বিজেপির হেভিওয়েট প্রার্থীরা। তাই ইনিংসের শুরুটা প্রিয়াংকার জন্য খুব একটা সহজ হবে না বলে রাজনৈতিক মহলের ধারণা। - আনন্দবাজার পত্রিকা
ইত্তেফাক/আরকেজি

