মরিচের গুঁড়া ছিটাতে পুলিশের ড্রোন

আপডেট : ০৮ এপ্রিল ২০১৫, ১৫:৩৮
 
ভারতের উত্তর প্রদেশ রাজ্যের লক্ষ্মণ শহরের পুলিশ জনসমাবেশ ছত্রভঙ্গ করতে ড্রোন দিয়ে মরিচের গুঁড়া ছেটানোর উদ্যোগ নিয়েছে। বুধবার বিবিসি অনলাইনে এই তথ্য জানানো হয়েছে।
 
বিবিসি বলছে,  এরই মধ্যে কিছু ড্রোন কেনাও হয়েছে যেগুলোর প্রতিটি দুই কেজি পর্যন্ত মরিচের গুঁড়া নিয়ে উড়তে পারবে।
 
নগরের সিনিয়র একজন পুলিশ কর্মকর্তাকে উদ্ধৃত করে ভারতের ইন্ডিয়ান এক্সপ্রেস সংবাদপত্র বলছে, বিশৃঙ্খলতা নিয়ন্ত্রণে লাঠিপেটা করার চাইতে এই ব্যবস্থা অনেক সহনীয়।
 
উত্তর প্রদেশের অনেক জায়গাতেই পর্যবেক্ষণের জন্য পুলিশ এসব দূর-নিয়ন্ত্রিত উড়ন্ত যান বা ড্রোন ব্যবহার করছে। কিন্তু ড্রোনকে অস্ত্র হিসাবে ব্যবহারের উদ্যোগ এই প্রথম।
 
লক্ষ্মৌ পুলিশের অভিনব এই উদ্যোগ নিয়ে সামাজিক যোগাযোগের মাধ্যমে বিতর্ক শুরু হয়েছে। কেউ কেউ এই উদ্যোগের প্রশংসা করছেন। কেউ কেউ আবার লিখছেন, পুলিশের এই ড্রোনগুলোকে অনেকেই ভূপাতিত করার চেষ্টা করবে।
 
অনেকে আবার আশঙ্কা করছেন আকাশ থেকে নির্বিচারে এ ধরণের মরিচের গুঁড়া ছড়ালে সংশ্লিষ্ট এলাকার বাসিন্দা বা নিরপরাধ পথচারীরাও তার শিকার হবে।