ভারতের দিল্লিতে ডিজেলচালিত ১০ বছরের পুরোনো গাড়ি চলাচল নিষিদ্ধ করেছে দেশটির ন্যাশনাল গ্রিন ট্রাইব্যুনাল (এনজিটি)। একই সঙ্গে অন্য রাজ্য থেকে এই ধরনের যানবাহন দিল্লিতে প্রবেশ করতে পারবে না বলে নির্দেশ দেয়া হয়েছে। মঙ্গলবার এই নির্দেশ দেয়া হয়েছে। খবর: এনডিটিভির।
ট্রাইব্যুনাল বলেছে, বায়ুদূষণের মাত্রা মারাত্মক আকারে বৃদ্ধি পেয়েছে। দিল্লির অধিবাসী ভাল পরিবেশের দাবিদার।
দিল্লি, উত্তর প্রদেশ ও হরিয়ানার রাজ্য সরকার দূষণের মাত্রা কমাতে না পারায় পাঁচ সদস্যদের একটি বেঞ্চ তাদের তিরস্কার করেছে। আদালত নির্দেশে বলেছে, রাজ্যগুলোর প্রবেশমুখে গাড়ির দূষণ মাত্রা, ওজন ও কোন বছর নিবন্ধন করা হয়েছে তা পরীক্ষা করতে হবে।
১০ বছরের পুরোনো ডিজেলচালিত যান সাথে সাথে নিষিদ্ধ করে দিতে হবে। এরই মধ্যে রাজধানীতে ১৫ বছরের পুরনো গাড়ি নিষিদ্ধ করে দেয়া হয়েছে। বৃহস্পতিবারের মধ্যে নির্দেশ পালনের প্রতিবেদন জমা দিতে নির্দেশ দেয়া হয়েছে।
