পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশ দল ঘোষণা

আপডেট : ০৮ এপ্রিল ২০১৫, ২০:৩৭
 
পাকিস্তানের বিপক্ষে প্রথম দুটি একদিনের ম্যাচের জন্য ১৪ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। স্কোয়াডে ওপেনার এনামুল হক বিজয়ের পরিবর্তে প্রথমবারের মতো সুযোগ পেয়েছেন রনি তালুকদার।
 
বুধবার মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে এক সংবাদ সম্মেলনে ১৪ সদস্যের দল ঘোষণা করেন প্রধান নির্বাচক ফারুক আহমেদ।
 
ওয়ানডে সিরিজে বাংলাদেশ দল: মাশরাফি বিন মুর্তজা (অধিনায়ক), সাকিব আল হাসান (সহ-অধিনায়ক), তামিম ইকবাল, মুমিনুল হক,  সৌম্য সরকার, মুশফিকুর রহিম (উইকেটরক্ষক), মাহমুদউল্লাহ, নাসির  হোসেন, সাব্বির রহমান, তাসকিন আহমেদ, রুবেল  হোসেন, আরাফাত সানি, রনি তালুকদার ও আবুল হাসান।
 
জাতীয় ক্রিকেট লিগ (এনসিএল) ও ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে দারুণ খেলেছেন রনি। প্রথম শ্রেণির ক্রিকেটের প্রতিযোগিতা এনসিএলে তিনটি শতকসহ ৭০.৬৪ গড়ে ৭৭৭ রান করেন তিনি। দেশের সেরা ওয়ানডে টুর্নামেন্ট ঢাকা প্রিমিয়ার লিগে দুটি শতকসহ সর্বোচ্চ ৭১৪ রান করেন তিনি। বিশ্বকাপে তিন ম্যাচে মাত্র নয় রান করা ইমরুল কায়েস বাদ পড়েছেন। আর কাঁধের অস্ত্রোপচারের পর সম্পূর্ণ  সেরে না ওঠায় দলে নেই উদ্বোধনী ব্যাটসম্যান এনামুল হক।
 
এদিকে দলীয় শৃঙ্খলাভঙ্গের কারণে বিশ্বকাপ চলার সময় দেশে ফেরত আসতে বাধ্য হওয়া আল-আমিন হোসেনকে দলে রাখা হয়নি। বাজে ফর্মের কারণে বাদ পড়েছেন তিনি। ওয়ানডের সেরা ওই টুর্নামেন্টে কোনো ম্যাচ না খেলা শফিউল ইসলামও দলে নেই। হাতে অস্ত্রোপচার হওয়ায় বিবেচনা করা হয়নি এই পেসারকে। বাদ পড়েছেন বাঁহাতি স্পিনার তাইজুল ইসলামও। কন্ডিশন ও প্রতিপক্ষকে বিবেচনায় এনে তাকে বাদ দিয়েছেন নির্বাচকরা।
 
আগেই ওয়ানডে দলের অধিনায়ক হিসেবে মাশরাফি বিন মুর্তজার নাম ঘোষণা করা হয়েছিল। তবে নিষেধাজ্ঞার কারণে প্রথম ওয়ানডে খেলতে পারবেন না তিনি। ওই ম্যাচে তার দায়িত্ব পালন করবেন সহ-অধিনায়ক সাকিব আল হাসান। ১৭, ১৯ ও ২২ এপ্রিল সিরিজের তিনটি ওয়ানডেই হবে ঢাকার মিরপুরের শের-ই-বাংলা স্টেডিয়ামে।