আবদুল আউয়াল মিন্টুর মনোনয়নপত্রের বৈধতা চেয়ে আনা রিট পিটিশন খারিজ করে হাইকোর্টের দেয়া আদেশের বিরুদ্ধে আনা আপিলটি শুনানির জন্য কাল বৃহস্পতিবার আপিল বিভাগের কার্যতালিকায় রয়েছে। সুপ্রিমকোর্টের ওয়েব সাইটের তথ্য অনুযায়ী, আপিল বিভাগের আগামীকালের কার্যতালিকায় বিষয়টি শুনানির জন্য ২ নম্বরে রয়েছে।
ঢাকা মহানগর বিএনপি’র সিনিয়র যুগ্ম-আহয়ক ও বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা পরিষদের সদস্য আবদুল আউয়াল মিন্টুর মনোনয়নপত্রের বৈধতা চেয়ে আনা রিট পিটিশন খারিজ করে হাইকোর্টের দেয়া আদেশের বিরুদ্ধে গতকাল ৭ এপ্রিল আপিল দায়ের করা হয়।
সুপ্রিমকোর্টের আপিল বিভাগের চেম্বার জজ বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চে বিষয়টি শুনানির জন্য দিন ধার্য করে ৭ এপ্রিল আদেশ দেন।
সোমবার বিচারপতি ফারাহ মাহবুব ও কাজী ইজারুল হক আকন্দের সমন্বয়ে গঠিত হাইকোর্টের একটি ডিভিশন বেঞ্চ রিটটি খারিজ করে আদেশ দেয়। ফলে অবৈধই রয়ে গেল ঢাকা উত্তর সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে নির্বাচনের জন্য নেয়া তার মনোনয়নপত্র। মিন্টুর পক্ষে আদালতে শুনানি করেন সিনিয়র আইনজীবী ব্যারিস্টার রোকনউদ্দিন মাহমুদ। রাষ্ট্রপক্ষে ছিলেন এটর্নি জেনারেল মাহবুবে আলম।
রিট খারিজ করে দেয়া হাইকোর্টের আদেশের বিরুদ্ধে আপিল দায়ের করা হয়। এর আগে মিন্টুর পক্ষে তার আইনজীবী ব্যারিস্টার এএম মাহবুব উদ্দিন খোকন গত রবিবার রিট পিটিশনটি দাখিল করেছিলেন।
প্রধান নির্বাচন কমিশনার (সিইসি), স্থানীয় সরকার সচিব, ঢাকার বিভাগীয় কমিশনার ও ঢাকা উত্তরের রিটার্নিং কর্মকর্তাকে এতে রিটে রেসপনডেন্ট করা হয়।
আগামী ২৮ এপ্রিল অনুষ্টিতব্য ঢাকা উত্তর সিটি কর্পোরেশন নির্বাচনের মেয়র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছিলেন বিএনপি সমর্থিত আব্দুল আউয়াল মিন্টু। কিন্তু তার মনোয়নপত্রে সমর্থক হিসেবে স্বাক্ষরকারী আব্দুর রাজ্জাক ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের ভোটার না হওয়ায় প্রার্থিতায় তার মনোনয়নপত্র বাতিল করে দেয় সংশ্লিষ্ট রিটার্নিং অফিসার। পরে এ বিষয়ে তিনি ঢাকা বিভাগীয় কমিশনার বরাবর আপিল করলে কমিশনার মো. জিল্লার রহমানও তা বাতিল করে দেন। এ বিষয়ে হাইকোর্টে রিট দায়ের করা হয়।
