কাশ্মীরে জইশ কমান্ডারসহ ২ জঙ্গি নিহত

আপডেট : ২৪ মে ২০১৬, ১১:৪০
 
কাশ্মীরের শ্রীনগরে সন্ত্রাসী হামলায় তিন পুলিশ সদস্য নিহত হওয়ার কয়েক ঘণ্টার মধ্যে পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে জইশ-ই মোহাম্মদের দুই জঙ্গি নিহত হয়েছে। এর মধ্যে উচ্চ পর্যায়ের একজন কমান্ডারও রয়েছেন। সোমবার এনডিটিভির প্রতিবেদনে এই তথ্য জাননো হয়েছে।
 
পুলিশের ইন্সপেক্টর জেনারেল জাভিদ গিলানি বলেছেন, সরাইবালে দুই জঙ্গি নিহত হয়েছে। তাদের মধ্যে একজন সাইফুল্লাহ। সে কাশ্মীরের জইস কমান্ডার।
 
তিনি জানান, নিহত উভয় জঙ্গি পাকিস্তানি কিন্তু তারা সোমবার সকালে পুলিশ হত্যার সঙ্গে জড়িত ছিল না।
 
পুলিশ জানিয়েছে, জইশ জঙ্গিতের উপস্থিতির সুনির্দিষ্ট খবর পেয়ে পুলিশ অভিযানে নামে এবং সংক্ষিপ্ত বন্দুকযুদ্ধে তাদের মৃত্যু হয়।
 
সোমবার সকালে গোষ্ঠীটির সন্দেহভাজন সদস্যরা শ্রীনগরের জাদিবাল এলাকায় একটি চায়ের স্টলে চা পানরত পুলিশ কর্মকর্তাদের লক্ষ্য করে গুলি ছোড়ে। এতে পুলিশের সহকারী উপ পরিদর্শক গুলাম মোহাম্মদ ও হেড কনস্টেবল নাজির আহমেদ ঘটনাস্থলেই নিহত হন।
 
পরে তঙ্গপোড়া এলাকায় অরেকটি গুলিবর্ষণের ঘটনায় মোহাম্মদ সাদিক নামে আরেক পুলিশ সদস্য নিহত হন। তার সঙ্গে থাকা একে-৪৭ রাইফেলটি নিয়ে যায় হামলাকারীরা।