ক্যাটের সাথে আর কখনো কাজ করবেন না রণবীর!

আপডেট : ২৪ মে ২০১৬, ১২:০৩
চলতি বছরের শুরুতেই রণবীর কাপুর ও ক্যাটরিনা কাইফের সম্পর্কের টান টান সুতোটা দুই ভাগ হয়ে যায়। বলিউডের সবচেয়ে আলোচিত এই কপোত-কপোতির অভিন্ন পথ হঠাৎ মাঝপথে বাঁক নিলে বেদনাহত হন তাদের ভক্তরা।
 
তবে তাদের আশা ছিলো, বাস্তবে না হলেও সিনেমায় দেখা যাবে এই দুই বলিউড সেলেব্রেটিকে। কিন্তু সেই আশার গুড়ে বালি ঢেলে দিয়ে ঋষি-পুত্র ঘোষণা দিয়েছেন, 'জাগা জাসুস'-এর পর আর কোনো মুভিতেও ক্যাটের সাথে দেখা যাবে না তাকে!
 
ছাড়াছাড়ি হয়ে গেলেও 'জাগা জাসুস'-এর শুটিংয়ের কারণে কাছাকাছিই ছিলেন রণবীর-ক্যাট। একে অপরকে দেখেছেন, তবে সেটা ম্রিয়মান চোখে। পেশাগত সম্পর্ক ছাড়া আর কিছুই ছিল না দু’জনের মাঝে। মুভিটির শুটিং শেষ হয়ে যাওয়ায় এবার আর কাছাকাছিও থাকা হচ্ছে না দুজনের।
 
স্পটবয় ডটকমের খবর, রণবীর 'জাগা জাসুস'-এর পরিচালক অনুরাগ বসুকে জানিয়েছেন, এটাই ক্যাটের সাথে তার শেষ মুভি। এর পর আর কোনো মুভিতে ক্যাটের সাথে কাজ করছেন না তিনি। সূত্র- টাইমস অফ ইন্ডিয়া।