জনস্বার্থে ফৌজদারি কার্যবিধির ৫৪ ও ১৬৭ ধারা অনুযায়ী বিনা পরোয়ানায় গ্রেফতার ও রিমান্ডের বিষয়টি সংশোধনের উদ্যোগ নেয়া হবে বলে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক।
মঙ্গলবার দুপুরে সচিবালয়ে নিজ দফতরে এক ব্রিফিংয়ে উচ্চ আদালতে ৫৪ ও ১৬৭ ধারার রায়ের বিষয়ে মন্ত্রী এ কথা বলেন।
আনিসুল হক বলেন, এ দুটি ধারা অপব্যহার হয় বলে উচ্চ আদালত এ সংক্রান্ত রিট মামলাটি আমলে নিয়েছেন। উচ্চ আদালত এ দুটি ধারার বিষয়ে কিছু পর্যবেক্ষণ দিয়েছেন। আমরা এখনো রায়ের পূর্ণাঙ্গ অনুলিপি হাতে পাইনি। তবে উচ্চ আদালত এতে কিছু সংযোজন ও বিয়োজনের কথা বলেছেন বলে আমরা শুনেছি।
তিনি বলেন, এর আগে ফৌজদারি কার্যবিধি বিভিন্ন প্রেক্ষাপটে সংশোধন করা হয়েছে। এ দুটি ধারার বিষয়ে যদি উচ্চ আদালতের কোনো নির্দেশনা থাকে, জনগণের স্বার্থের কথা বিবেচনা করে আমরা তা সংশোধন করে নেব।
