নারায়ণগঞ্জে আলোচিত সাত খুন মামলায় পাঁচজনের সাক্ষ্য গ্রহণ ও জেরা শেষ হয়েছে। এ ছাড়া আগামী ৩০ মে এ মামলার পরবর্তী তারিখ নির্ধারণ করা করেছে।
মঙ্গলবার সকালে জেলা ও দায়রা জজ সৈয়দ এনায়েত হোসেনের আদালতে মামলার প্রধান আসামি নূর হোসেন ও র্যাবের প্রাক্তন তিন কর্মকর্তা লে. কর্নেল তারেক সাঈদ মোহাম্মদ, কমান্ডার এম এম রানা ও মেজর আরিফ হোসেনসহ ২৩ আসামিকে হাজির করা হয়। পরে সকাল ১০টা থেকে দুপুর দেড়টা পর্যন্ত সাক্ষ্য গ্রহন করা হয়।
রাষ্ট্রপক্ষের আইনজীবী এস এম ওয়াজেদ আলী খোকন জানান, মামলার জবানবন্দি রেকর্ডকারী সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এইচ এম শফিকুল ইসলামসহ আব্দুল আউয়াল, আজাদ শেখ ও হাসানের সাক্ষ্য গ্রহণ ও জেরা করা হয়।
২০১৪ সালের ২৭ এপ্রিল ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডের ফতুল্লার লামাপাড়া এলাকা থেকে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্যানেল মেয়র নজরুল ইসলাম, সিনিয়র আইনজীবী চন্দন সরকারসহ ৭ জনকে অপহরণ করা হয়। এর তিন দিন পর শীতলক্ষ্যা নদী থেকে তাদের লাশ উদ্ধার করা হয়।
