চট্টগ্রামের সাতকানিয়া উপজেলায় দিদারুল আলম নামে এক দোকান কর্মচারীকে হত্যার দায়ে দুই ভাইকে যাবজ্জীবন কারাদণ্ডের দিয়েছে আদালত।
মঙ্গলবার দুপুরে চট্টগ্রাম বিভাগীয় জননিরাপত্তা ট্রাইব্যুনালের বিশেষ জজ সৈয়দা হোসনে আরা এ রায় ঘোষণা করেন। কারাদণ্ডপ্রাপ্তরা হলেন- দোকানের মালিক মফিজুল ইসলাম ফারুক ও তার ভাই রেজাউল করিম লিটন। এর মধ্যে লিটন পলাতক রয়েছেন।
জননিরাপত্তা ট্রাইব্যুনালের বিশেষ পিপি অ্যাডভোকেট জাহাঙ্গীর আলম রাইজিংবিডিকে জানান, সাতকানিয়ার বাসিন্দা মুক্তিযোদ্ধা মাহমুদুর রহমানের ছেলে দিদারুল আলম উপজেলার কেরাণীহাটে লিটন ও ফারুকের মালিকানাধীন ভাই ভাই ক্লথ স্টোরের কর্মচারী ছিলেন। ২০০৫ সালের ১ নভেম্বর দোকানের ভেতর থেকে দিদারুল আলমের লাশ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় মুক্তিযোদ্ধা মাহমুদুর রহমান বাদী হয়ে চারজনের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেন। মামলার অপর দুই আসামি ছিলেন দণ্ডপ্রাপ্তদের অপর ভাই আজাদুল আলম ও দোকানের কর্মচারী আবুল কালাম। সাক্ষ্য গ্রহণ শেষে মঙ্গলবার দুই ভাইকে যাবজ্জীবন কারাদণ্ড দেয়া হয়। দোকান কর্মচারী আবুল কালাম ও অপর ভাই আজাদুল আলমকে খালাস দেয়া হয়।
