ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেটে লিগে বৃষ্টি আইনে জয় পেয়েছে প্রাইম দোলেশ্বর। মঙ্গলবার ফতুল্লায় অনুষ্ঠিত খেলায় কলাবাগান ক্রিকেট একাডেমিকে ৪৯ রানে হারায় তারা।
দোলেশ্বরের দেওয়া ২৮৮ রানের টার্গেটে খেলতে নেমে কলাবাগান ক্রিকেট একাডেমি ২১ ওভারে চার উইকেট হারিয়ে ৯৮ রান সংগ্রহ করে। এরপরই হানা দেয় বৃষ্টি। বৃষ্টি আইন বা ডিএল মেথডে জয়ের জন্য ২১ ওভারে তাদের প্রয়োজন ছিলো ১৪৮ রানের। ফলশ্রুতিতে কলাবাগান ৪৯ রানে ম্যাচ হেরেছে।
আগে ব্যাটিং করে প্রাইম দোলেশ্বর ৫০ ওভারে ৬ উইকেট হারিয়ে ২৮৭ রান সংগ্রহ করে। দলের পক্ষে সর্বোচ্চ রান করেন ওপেনার ইমতিয়াজ হোসেন। তিনি ৯৪ বলে ৬ চার ও দুই ছয়ে ৯৪ রানের ইনিংসটি সাজিয়েছেন। এছাড়া রকিবুল হাসান ৬৬ ও রবিউল ইসলাম রবি ৫০ রানের ইনিংস খেলেন।
কলাবাগান ক্রিকেট একাডেমির বোলারদের মধ্যে সর্বোচ্চ দুটি উইকেট নিয়েছেন মেহেদী হাসান মিরাজ।
জয়ের লক্ষ্যে খেলতে নামা কালবাগান ক্রিকেট একাডেমির ওপেনিং জুটি ৪৭ রান করলেও ৫৮ রান হতেই আরও দুটি উইকেট হারায় তারা (মাহমুদুল হাসান লিমন রিটায়ার্ড হার্ট হন)। তাপস ঘোষ এক রানে রান আউট হলে ক্রিজে অপরাজিত থাকেন মেহেদী হাসান মিরাজ (২১) ও নুরুজ্জামান (৬)। ২১ ওভার শেষে বৃষ্টি হানা দিলে মঙ্গলবার আর ম্যাচ মাঠে গড়ানো সম্ভব হয়ে উঠেনি। প্রাইম দোলেশ্বরের নাসির হোসেন ৪৫ রানে দুটি এবং আল আমিন হোসেন একটি উইকেট নেন।
দিনের অপর দুই ম্যাচ বৃষ্টির কারণে রিজার্ভ ডে-তে গড়িয়েছে।
