ভোজ্য তেলে ভিটামিন এ মেশাতে শিল্পমন্ত্রীর আল্টিমেটাম

আপডেট : ২৪ মে ২০১৬, ১৯:৩৯
 
যেসব ভোজ্যতেল রিফাইনারি এখনও ভিটামিন এ ভোজ্যতেল বাজারজাত করছে না, তাদের মালিকদের ২৪ ঘন্টার মধ্যে ভিটামিন ‘এ’ সমৃদ্ধ ভোজ্যতেল উত্পাদন ও বাজারজাত নিশ্চিত করতে নির্দেশ দিয়েছেন শিল্পমন্ত্রী আমির হোসেন আমু। তিনি বলেন, এ সময়ের মধ্যে ভোজ্যতেল ভিটামিন এ সমৃদ্ধ করতে ব্যর্থ হলে, কোম্পানিগুলোর বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে।
 
মঙ্গলবার রাজধানীর পূর্বাণী হোটেলে বাংলাদেশে ভোজ্যতেলে বাধ্যতামূলক ভিটামিন এ সমৃদ্ধকরণ কর্মসূচির আইনি তদারকি বাস্তবায়নের ওপর আয়োজিত কর্মশালায় এ নির্দেশনা দেন। শিল্প মন্ত্রণালয় এবং গ্লোবাল অ্যালায়েন্স ফর ইম্প্রুভ্ড নিউট্রেশন যৌথভাবে এ কর্মশালার আয়োজন করে।
 
বাংলাদেশে ভোজ্যতেল সমৃদ্ধকরণ প্রকল্পের পরিচালক ও শিল্প মন্ত্রণালয়ের যুগ্ম প্রধান মোঃ লুত্ফর রহমান তরফদারের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে শিল্প মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোঃ মোশাররফ হোসেন ভূঁইয়া এনডিসি, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব সুভাষ চন্দ্র সরকার, বিএসটিআই এর মহাপরিচালক মোঃ ইকরামুল হক, বাংলাদেশের নেদারল্যান্ডস্ দূতাবাসের প্রথম সচিব লরেন্ট ইউমানস বক্তব্য রাখেন।