বাংলাদেশের প্রথম শিশুতোষ চলচ্চিত্র ছিলো ছুটির ঘণ্টা। এরপর দীপু নাম্বার টু, আমার বন্ধু রাশেদ সহ শিশুদের নিয়ে বেশ কিছু চলচ্চিত্র তৈরি হয়েছে। এর প্রায় সবগুলোই দর্শক নন্দিত। এবার অনেকদিন পর আরেকটি শিশুতোষ চলচ্চিত্র নিয়ে আসছেন পরিচালক মুন্তাহিদুল লিটন।
শেষ চুম্বন নামে সিনেমাটি মুক্তি পাবে ১৬ ডিসেম্বর। প্রায় ১৫টি সিনেমা হলে মুক্তি প্রতীক্ষিত ছবিটিতে অভিনয় করেছেন সানজিদা তন্ময়, শিমুল খান, সাগর আহমেদ, শিশুশিল্পী সানজিদা রাইসাসহ অনেকে।
সোমবার সন্ধ্যায় এফডিসির জহির রায়হান কালার ল্যাব মিলনায়তনে একটি সংবাদ সম্মেলন আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এশিয়ান টিভির ব্যবস্থাপনা পরিচালক হারুনুর রশিদ। উপস্থিত ছিলেন ছবিটির নায়িকা সানজিদা তন্ময়, সাগরসহ ছবিটির সকল কলাকুশলী।
IMG0
ছবিটির পরিচালক মুন্তাহিদুল লিটন বলেন, শেষ চুম্বন দর্শকদের বিবেককে নাড়া দেবে, তাদেরকে ভাবাবে। ছবিটি দেখার পর মানুষের মূল্যবোধ জাগ্রত হবে এবং ছবিটি সব শ্রেণির দর্শকদেরকে মানবতার শিক্ষা দেবে।’
লিটন আরো বলেন, ‘এটি একেবারেই মৌলিক গল্পের চলচ্চিত্র। আমি শতভাগ নিশ্চিত করে বলতে পারি ‘শেষ চুম্বনে’র গল্প থেকে শুরু করে ছবিটির পোস্টার এবং অন্যান্য কোনো কিছুতেই সামান্য পরিমাণ নকলের অভিযোগ কেউ কেরতে পারবেন না ইনশাআল্লাহ।’
ছবিটির নায়িকা সানজিদা তন্ময় বলেন, ‘শেষ চুম্বন’-এর কথা বলতে গেলে এভাবেই বলতে হবে আমার ক্যারিয়ারে ভাল একটি ছবি যোগ হতে যাচ্ছে। সবাইকে ছবিটি দেখার আমন্ত্রণ রইলো। অনেক কষ্ট করে কাজটি শেষ করেছি। ক্যামেরার সামনে নিজেকে শতভাগ মেলে ধরার চেষ্টা করেছি। জানি না কতটুকু পেরেছি। তবে এতটুকু বলতে পারি ছবিটি দেখে কেউ নিরাশ হবেন না।’
ইত্তেফাক/এমএইচ
