রাজধানীর গুলশানে গুলি করে নারী হত্যা

আপডেট : ২৮ জানুয়ারি ২০১৭, ১৯:৩৭
রাজধানীর ভিআইপি অঞ্চল গুলশানে সন্ত্রাসীরা গুলি করে এক নারীকে হত্যা করেছে। নিহত ওই নারীর নাম রানী (৩৫)। গত শুক্রবার রাত সাড়ে ১২টার দিকে গুলশানের ৪৩ নম্বর সড়কের ৩৮ নম্বর বাড়ির সামনে এ গুলির ঘটনা ঘটে। পরে স্থানীয়দের কাছে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে গুলিবিদ্ধ অবস্থায় তাকে উদ্ধার করে হাসপাতালে নিলে রাত সোয়া একটার দিকে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। 
 
শনিবার দুপুরে তার লাশের ময়না তদন্ত করা হয়। ময়নাতদন্তের সময় তার শরীরের বাম বুক ও ফুসফুস থেকে দু’টি গুলি উদ্ধার করা হয়েছে বলে হাসপাতালের ফরেনসিক বিভাগের বিভাগীয় প্রধান ডা. সোহেল মাহমুদ জানিয়েছেন। 
 
গুলশান থানার এসআই ফারুক আলম জানান, শুক্রবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে গুলশানের ২ নম্বর ৪৩ নম্বর সড়কে সুরা হোটেলের সামনে এক নারীকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখে স্থানীয়রা থানায় খবর দেয়। খবর পেয়ে তিনি ঘটনাস্থলে যান তিনি। 
 
এসআই ফারুক আলম বলেন, ঘটনার পর ওই নারীকে বাঁচানোর জন্য দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। শনিবার তার ময়না তদন্তে শরীরের ভেতর থেকে দু’টি গুলি উদ্ধার হয়েছে। তাকে দুর্বৃত্তরা গুলি করে হত্যা করে সেখানে ফেলে রেখেছে। পুলিশ ঘাতকদের চিহ্নিত করে গ্রেফতারের চেষ্টা চালাচ্ছে বলে তিনি জানান। 
 
এদিকে শনিবার সন্ধ্যায় ওই নারীর স্বজনা মৃত্যুর খবর জানতে পেরে ঢাকা মেডিকেল কলেজ মর্গে যান। সেখানে তারা জানান মৃত নারীর নাম রানী। এ ব্যাপারে গুলশান থানায় একটি হত্যা মামলা দায়ের করা হবে বলে থানা সূত্র জানিয়েছে। 
 
ইত্তেফাক/এমআই