ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র সাঈদ খোকনকে উদ্দেশ করে হকার নেতারা বলেছেন, উচ্ছেদের কারণে হকার ও তাদের পরিবারের সদস্যরা না খেয়ে আছেন। এভাবে চলতে থাকলে তারা নগর ভবনের চারপাশে অবস্থান নেবেন।
শনিবার বঙ্গবন্ধু অ্যাভিনিউতে শহীদ কর্নেল তাহের মিলনায়তনে হকার সংগঠনগুলোর এক যৌথ সভায় তারা এসব কথা বলেন। ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের দিনের বেলা হকার বসতে না দেওয়ার সিদ্ধান্তের প্রতিবাদে এই সভা আয়োজন করা হয়। হকারদের ১৬টি সংগঠনের জোট ‘হকার সমন্বয় পরিষদ’, বাংলাদেশ হকার্স ইউনিয়ন, জাতীয় সম্মিলিত হকার্স জোট যৌথভাবে এই সভার আয়োজন করে।
সভার সভাপতি হকার সমন্বয় পরিষদের সমন্বয়ক আবুল হোসেন বলেন, সরকারের বিরুদ্ধে, মেয়রের বিরুদ্ধে হকাররা আন্দোলনে নামেনি। মেয়র হকারদের পেটে লাথি মেরেছেন, হকারদের পরিবার না খেয়ে আছে। হকারদের পুনর্বাসন না করে, সুনির্দিষ্ট আইন ও নীতিমালা না করে হকারদের উচ্ছেদ করলে তা মানা হবে না।
রবিবার হকার সমন্বয় পরিষদের পক্ষ থেকে স্থানীয় সরকার মন্ত্রী ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেনকে স্মারকলিপি দেওয়া হবে বলে সভায় ঘোষণা দেওয়া হয়। বেলা ১১টায় জাতীয় প্রেসক্লাবের সামনে থেকে হকাররা জমায়েত হবেন এবং সেখান থেকে স্মারকলিপি দিতে যাবেন।
ইত্তেফাক/এমআই
