আনিসুর রহমান মিলনের দ্বিতীয় বিয়ে

আপডেট : ০২ মার্চ ২০১৩, ১৯:৩৮
ছোটপর্দার অভিনেতা ও অতি সম্প্রতি চলচ্চিত্রে নাম লেখানো অভিনেতা আনিসুর রহমান মিলন দ্বিতীয় বিয়ে করেছেন বলে জানা যায়। সম্প্রতি ফেসবুকে এক এফবি মেম্বার মিলনের সাথে জনৈকার ছবি পোস্ট করে ক্যাপশন ছাপেন আমেরিকায় আনিসুর রহমান মিলন দ্বিতীয় বিয়ে করলেন। আর এই ছবি পোস্ট করার পরপরই শহরে গুঞ্জনের বাতাস ভারি হতে থাকে। মিলন কক্সবাজারে একটি নাটকের শুটিংয়ের কাজে ব্যস্ত বর্তমানে। ইত্তেফাক বিনোদন প্রতিদিনকে তিনি বলেন, ‘আসলে বিষয়টা নিয়ে তো লুকোচুরিরও কিছু নেই। আর আমি কোনো বিষয় নিয়ে লুকোচুরি বা মিথ্যার আশ্রয়ও নিতে চাই না। এই কথা মিডিয়ার সবাই জানেন যে, আমার স্ত্রী লুসির সাথে আমার বনিবনা হচ্ছে না দীর্ঘদিন ধরে। প্রায় ১ বছর হয়ে গেল আমরা সেপারেশনে আছি। তাই আমাদের ডিভোর্স পেপার তৈরি করার প্রস্তুতি চলছে। আর ফেসবুকে যে ছবিটি আপলোড হয়েছে তা আজ থেকে চার বছর আগের।’ তবে ছবির এই মেয়েটির সাথে তার বিয়ে হয়েছে কিনা জানতে চাইলে বলেন, ‘যেহেতু আমার ডিভোর্সের পেপার এখনও রেডিও হয়নি তাই এখনও বিয়ের কোনো সিদ্ধান্তে এখনই যাচ্ছি না। তবে হ্যাঁ, পারিবারিক বন্ধু হিসেবে মেয়েটির সাথে পরিচয় আছে। আর দেখুন একজন সেলিব্রেটি হিসেবে বাংলাদেশেই আমার দ্বিতীয় সংসার করাটা উচিত হবে না। কারণ নানা ধরনের জটিলতা তৈরি হবে। আর আমেরিকার সেই মেয়েকে বিয়ে করলে তো হয় ওই মেয়েকে ঢাকায় আনতে হবে, নয়তো আমাকে যেতে হবে, নয়তো দুইজন দুই প্রান্তে। যা এক কথায় আরও জটিল। তাহলে কি আমার আবারও ভাঙনের জন্য সংসার গড়ব। তাই আমি সিদ্ধান্তহীনতায় ভুগছি কিছুটা। তবে যাই করি, মিডিয়াকে জানিয়েই করব।’ তবে মিলনের বেশ কজন ঘনিষ্ঠ নির্মাতা যেমন চয়নিকা চৌধুরীসহ বেশ কয়েকজন মিলনের বিয়ে বিষয়টি চূড়ান্ত হয়েছে বলে জানিয়েছেন। এ ছাড়া মিলনের সহকর্মীরাও বিষয়টি প্রসঙ্গে বলেছেন যে, ‘যেহেতু এখনও মিলন প্রথম স্ত্রীকে ডিভোর্সের ব্যাপারে চূড়ান্ত করেনি, তাই দ্বিতীয় বিয়ের কথাটা অস্বীকার করছে। তবে বিয়ে হয়েছে আমরা নিশ্চিত হয়েছি, আমাদের আমেরিকান বন্ধুদের কাছ থেকেই।’ এ প্রসঙ্গে আমেরিকান প্রবাসী মেয়েটির নাম জানতে চাইলে মিলন বলেন, ‘ছবিটি যেহেতু আপনার বের করে ফেলেছেন, নামটাও বের করতে পারবেন। তবে এখনই নাম বলতে চাইছি না। শুধু এটুকু বলি বিয়ে করিনি। আইনত আমি এখন বিয়ে করতে পারি না।’ অন্যদিকে মিলনের বর্তমান স্ত্রী লুসি গোমেজকে ফোন করলে তিনি বলেন, ‘সকাল থেকে অনেক ফোন পেয়েছি। আমি এ ব্যাপারে কোনো ধরনের মন্তব্য করতে চাইছি না আপাতত।’ উল্লেখ্য, আনিসুর রহমান মিলন তার টিভিপর্দার ইমেজ কাটিয়ে চলচ্চিত্রে অতি সম্প্রতি ব্যস্ত হয়ে উঠেছেন। খুব শিগগিরই তার ‘দেহরক্ষী’ ও ‘পোড়া মন’ নামে দুটি চলচ্চিত্র মুক্তি পাবে।