পাঁচ দিনব্যাপী টেলিকম ও আইসিটি মেলার আয়োজন

আপডেট : ০২ মার্চ ২০১৩, ১৯:৪৬
আগামী ২৩ এপ্রিল থেকে পাঁচ দিনব্যাপী ৫ম ঢাকা আন্তর্জাতিক মোবাইল ফোন, টেলিকম ও আইসিটি মেলা আয়োজন করা হয়েছে। বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে এ মেলা চলবে ২৭ এপ্রিল পর্যন্ত। বাংলাদেশ মোবাইল ফোন ব্যবসায়ী এসোসিয়েশন (বিএমবিএ) এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রণালয়ের যৌথ উদ্যোগে ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের (এফবিসিসিআই) সহযোগিতায় এ মেলা অনুষ্ঠিত হবে। মেলা উপলক্ষে গতকাল এফবিসিসিআই কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব কথা জানান বিএমবিএ সভাপতি মোহাম্মদ নিজাম উদ্দিন জিটু। এসময় উপস্থিত ছিলেন বিটিআরসি’র সাবেক চেয়ারম্যান সৈয়দ মার্গুব মোরশেদ, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রণালয়ের সহকারি সচিব মাহবুবুর রহমান শাহীন, এফবিসিসিআইয়ের সাবেক সহ-সভাপতি আবুল কাশেম এবং ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার এসোসিয়েশন অব বাংলাদেশের (আইএসপিএবি) সভাপতি আকতারুজ্জামান মঞ্জু। সংবাদ সম্মেলনে জানানো হয়, মেলায় মোবাইল ফোন ছাড়াও বিশেষ মূল্য ছাড়ে ইন্টারনেট মডেম, ল্যাপটপ, ট্যাবলেট পিসি, স্মার্টফোনসহ বিভিন্ন প্রযুক্তি পণ্য পাওয়া যাবে। বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে আগত টেলিকমিউনিকেশন ও আইসিটি বিষয়ের শিক্ষার্থীরা পরিচয়পত্র প্রদর্শন করে বিনামূল্যে প্রবেশ করতে পারবে। এছাড়া প্রাপ্তবয়স্কদের জন্য প্রবেশমূল্য ২০ টাকা ও ৮ বছরের নিচের বাচ্চাদের জন্য ১০ টাকা নির্ধারণ করা হয়েছে। নিজাম উদ্দিন জিটু বলেন, বাংলাদেশে মোবাইল ফোন ব্যবহারকারীর সংখ্যা প্রায় ৬৫ শতাংশ। চলতি বছরে আরও দশ কোটিরও বেশি নতুন ব্যবহারকারী এ তালিকায় যুক্ত হবেন বলে আশা করছি। এই বিপুল সংখ্যক মোবাইল ফোন ব্যবহারকারীর ও আইটি প্রযুক্তি সংশ্লিষ্ট মানুষের সুবিধার্থেই এ মেলা আয়োজন করা হয়েছে। মেলায় নতুন প্রযুক্তি সমৃদ্ধ পণ্য ও সেবাসুলভ মূল্যে সরবরাহ করা হবে বলেও তিনি উল্লেখ করেন। অবৈধ পথে মোবাইল আসা রোধ করার দাবি জানিয়ে নিজাম উদ্দিন বলেন, মোবাইল ফোন সেটের কর ফ্ল্যাট সিস্টেমে ৩ শতাংশ এবং মোবাইল ফোনের কাঁচামালের কর ২ শতাংশ করা প্রয়োজন। এতে দেশে মোবাইল ফোন সেটে উত্পাদন প্রক্রিয়া ত্বরান্বিত হবে।