নাটোরে দুলুর মুক্তি দাবি ও হরতালের সমর্থনে বিএনপির মিছিল

আপডেট : ০২ মার্চ ২০১৩, ২১:১৮
নাটোর জেলা বিএনপি সভাপতি ও সাবেক ভূমি প্রতিমন্ত্রী এম রুহুল কুদ্দুস তালুকদার দুলুর মুক্তির দাবিতে এবং সোমবারের হরতালের সমর্থনে বিএনপি ঝটিকা মিছিল করেছে। রবিবার সকালে শহরের উত্তরা সুপার মার্কেট এলাকা থেকে বিএনপি এবং দলের অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের মিছিলটি প্রধান সড়ক দিয়ে কানাইখালী এলাকায় ফায়ার সার্ভিস মোড়ে গিয়ে এক সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়। জেলা বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক মোঃ মোস্তাফিজুর রহমান শাহিনের সভাপতিত্বে সমাবেশে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা বিএনপির যুব বিষয়ক সম্পাদক মোঃ আব্দুল লতিফ, জেলা যুবদলের সাধারণ সম্পাদক বাবুল চৌধুরী, জেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র সহসভাপতি মোঃ আবু বক্কর সিদ্দিক বকুল এবং জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক মোঃ শহিদুজ্জামান খোকন। তারা বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং কেন্দ্রীয় স্বনির্ভর সম্পাদক ও নাটোর জেলা বিএনপি সভাপতি অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলুসহ সকল বিএনপি নেতাকর্মীর নামে দায়ের করা মিথ্যা মামলা প্রত্যাহারসহ নিঃশর্ত মুক্তির দাবি করে মঙ্গলবার সকাল-সন্ধ্যা হরতাল পালনের মাধ্যমে বর্তমান ফ্যাসিস্ট সরকারের প্রতি অনাস্থা প্রকাশের জন্য সকলের প্রতি আহ্বান জানান ।