গৌরীপুরে এসিল্যান্ডসহ কয়েকটি পদ শূন্য

আপডেট : ০২ মার্চ ২০১৩, ২১:১৮
ময়মনসিংহের গৌরীপুর উপজেলায় সহকারী কমিশনার (ভূমি) পদসহ বেশ কিছু গুরুত্বপূর্ণ পদ শূন্য থাকার কারণে সংশ্লিষ্ট অফিসসমূহের প্রশাসনিক কার্যক্রম ব্যাহত হচ্ছে। জানা গেছে, ২০১১ সালের সেপ্টেম্বর তত্কালীন সহকারী কমিশনার (ভূমি) বনানী বিশ্বাস অন্যত্র বদলি হয়ে যাওয়ার পর থেকে উপজেলা নির্বাহী কর্মকর্তা সহকারী কমিশনার (ভূমি) অতিরিক্ত দায়িত্ব পালন করছেন। তাছাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা অতিরিক্ত দায়িত্ব পালন করায় ভূমির মালিকানা জরিপে ত্রুটি-বিচ্যুতি থাকায় নাম-খারিজের ক্ষেত্রে একজনের জমি অন্যজনের নামে খারিজ হওয়ার ঘটনা হর-হামেশা ঘটছে। বর্তমান ভূমি আইনে জমি বেচা-কেনায় রেজিস্ট্রি করার ক্ষেত্রে জমির মিউটেশন, নাম খারিজ, জমা খারিজ ও খাজনা পরিশোধের দাখিলা রশিদ জমা দেয়ার বিধান করা হয়েছে। এক্ষেত্রে সাধারণ ক্রেতা-বিক্রেতারা তড়িঘড়ি জমির মিউটেশন, নাম খারিজ, জমা খারিজ করতে ভূমি অফিসে গিয়ে কতিপয় অসত্ কর্মচারী দ্বারা নানাভাবে আর্থিক প্রতারণার শিকার হচ্ছেন বলে অভিযোগ পাওয়া গেছে। তাছাড়া ভূমি অফিসের সবচেয়ে গুরুত্বপূর্ণ পদ কানুনগো পার্শ্ববর্তী ফুলপুর উপজেলায় অতিরিক্ত দায়িত্ব পালন করায় তিনিও সপ্তাহে ২ দিন এ অফিসে আসেন। সংশ্লিষ্ট অফিস সূত্রে জানা গেছে, সহকারী কমিশনার (ভূমি) পদ শূন্য থাকায় উপজেলা নির্বাহী কর্মকর্তা চাহিদামাফিক নাম খারিজ আবেদন নিষ্পত্তি করতে না পারায় পৌর ভূমি অফিসসহ ১০টি ইউনিয়ন ভূমি অফিসে শত শত নাম খারিজের আবেদন অমীমাংসিত অবস্থায় পড়ে রয়েছে। এছাড়া উপজেলা সিনিয়র মত্স্য কর্মকর্তা সবেতনে পিএইচডি করতে যাওয়ায় মার্চ-২০১২ থেকে শূন্য রয়েছে। উপজেলা মহিলাবিষয়ক কর্মকর্তার পদটি খালি রয়েছে জুলাই-২০১২ থেকে।