শীর্ষ বাছাই ডেভিড ফেরার ও দ্বিতীয় বাছাই রাফায়েল নাদাল মেক্সিকান ওপেন টেনিসের ফাইনালে উঠেছেন। আগামীকাল রোববার ফাইনালে মুখোমুখি হবেন এই দুই স্প্যানিশ তারকা। নাদাল ২০১২ সালের মাঝামাঝি হাঁটুর ইনজুরিতে পড়ার সাত মাস পর সুস্থ হয়ে গতমাসের শুরুতে টেনিস কোর্টে ফিরেন। গ্রান্ডস্ল্যামের আগে নিজেকে ফিট করতে চলতি মেক্সিকান ওপেনের আগে দু’টি টুর্নামেন্টও খেলেন তিনি। দু’টিতেই ফাইনালে উঠে একটির শিরোপা জেতেন বিশ্বের সাবেক একনম্বর খেলোয়াড়টি। চলতি মৌসুমে দ্বিতীয় শিরোপা জয়ের খুব কাছেই এসে গেছেন নাদাল। স্বদেশী নিকোলাস আলমাগরোর বিরুদ্ধে ৭-৫, ৬-৪ গেমে জিতে শুক্রবার ফাইনাল নিশ্চিত করেন তিনি। জিতলে এটি হবে তার ক্যারিয়ারের ৫২তম এটিপি ট্যুর শিরোপা। জয়ের পর নাদাল বলেন,‘ম্যাচের শুরুতে আমি কিছুটা ঘাবড়ে গিয়েছিলাম। তবে দ্বিতীয় সেটে আক্রমণাত্মক টেনিস খেলেছি আমি। নিজেকে পুরোপুরি মেলে ধরতে পেরেছি। -বাসস
