দু বা ই ও পে ন

ফেদেরারের হার, জকোভিচের সাথে ফাইনালে বার্ডিচ

আপডেট : ০২ মার্চ ২০১৩, ২১:৪০
রজার ফেদেরারকে হারিয়ে দুবাই ওপেন টেনিসের ফাইনালে উঠে চেক প্রজাতন্ত্রের টমাস বার্ডিচ প্রতিপক্ষ হিসেবে পেলেন শীর্ষ বাছাই নোভাক জকোভিচকে। প্রতিযোগিতার দ্বিতীয় বাছাই সুইস খেলোয়াড়টির মতো অঘটনের শিকার হননি সার্বিয়ার জকোভিচ। চতুর্থ বাছাই আর্জেন্টিনার হুয়ান ডেল পোর্ত্রোকে হারিয়ে শিরোপার আরও কাছে পৌঁছান তিনি। তৃতীয় বাছাই বার্ডিচের কাছে হারের আগ পর্যন্ত দুবাইয়ের এ প্রতিযোগিতায় দুর্দান্ত গতিতেই এগিয়ে যাচ্ছিলেন ফেদেরার। সহজ সহজ জয় দিয়ে সেমি-ফাইনালেও ওঠেন তিনি। কিন্তু শেষ চারে বার্ডিচের কাছে পরাস্ত হতে হলো তাকে। ইউএস ওপেনের গত আসরেও বার্ডিচের কাছে হারের তিক্ত স্বাদ নিতে হয়েছিল ফেদেরারকে। প্রথম সেট ৬-৩ গেমে জিতলেও দ্বিতীয় সেট হেরে যান ফেদেরার। তবে দ্বিতীয় সেটে হয়েছে হাড্ডাহাড্ডি লড়াই। তারপরও টাইব্রেকারে গড়ানো সেটটিতে ৬- ৭(৮/১০) গেমে জিতে সমতা আনেন বার্ডিচ। পিছিয়ে পড়েও এই লড়াকু ফেরায় আত্মবিশ্বাসী হয়ে ওঠে তৃতীয় সেটের শুরু থেকেই ফেদেরারের উপর আধিপত্য বিস্তার করেন তিনি। শেষ পর্যন্ত ৬-৪ গেমে সেটটির ফয়সালা হয় চেক খেলোয়াড়টির অনুকূলে। দুবাই ওপেনের পাঁচবারের চ্যাম্পিয়ন ফেদেরার খেলা শেষে বলেন,‘এই ফলাফলে আমি খুবই হতাশ। শুরু থেকে আমি ভালো খেললেও, পরবর্তীতে বার্ডিচ দারুণ খেলেছে। তবে আমি শেষ দুই সেটে মোটেও ভালো খেলতে পারিনি। কি যে সমস্যা হয়েছিল বুঝতেই পারলাম না। সার্ভ করতেও খুব সমস্যা হচ্ছিল। নিজের খেলা নিয়ে খুবই হতাশ আমি।’ এদিকে জকোভিচ সেমি-ফাইনালে ডেল পোর্ত্রোকে ৬-৩, ৭-৬ (৭/৪) গেমের সহজ ব্যবধানে হারিয়ে ফাইনালের টিকিট পান । ম্যাচ জয়ের পর জকোভিচ বলেন, ‘টুর্নামেন্টের শুরু থেকেই টার্গেট করেছিলাম শিরোপা জিতবো। সেই লক্ষ্যে বেশ ভালোই এগিয়ে যাচ্ছি। তবে আশা করিনি সেমির লড়াইটা এত সহজে জিতবো। যাই হোক ফাইনালেও সেরা খেলাটাই খেলবো।’-বাসস