সংক্ষিপ্ত হতে পারে ভারতের নিউজিল্যান্ড সফর

আপডেট : ০২ মার্চ ২০১৩, ২১:৪০
আগামী বছরের প্রথমদিকে ভারতীয় ক্রিকেট দলের নিউজিল্যান্ড সফর কিছুটা সংক্ষিপ্ত হতে পারে। কারণ ২০১৪ সালের ফেব্রুয়ারি-মার্চে ভারতে এশিয়া কাপ অনুষ্ঠিত হবার কথা। তাই নিউজিল্যান্ড সফরসূচি সংক্ষিপ্ত করে সেখানে দু’টি করে টেস্ট, ওয়ানডে ও টি-টোয়েন্টি ম্যাচ খেলতে পারে ভারত। ভারতীয় দল আইসিসির ফিউচার ট্যুর প্রোগ্রাম (এফটিপি) অনুযায়ী এ সফরে তিনটি টেস্ট, পাঁচটি ওয়ানডে এবং একটি টি-টোয়েন্টি খেলার কথা ছিল। তবে ভারত এশিয়া কাপ আয়োজনে প্রতিশ্রুতিবদ্ধ থাকায় নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ডের সঙ্গে সমঝোতার ভিত্তিতে সফর সংক্ষিপ্ত করবে উপমহাদেশের এ দলটি। এ বিষয়ে উভয় বোর্ডের মধ্যে এখনো কোন আনুষ্ঠানিক চুক্তি হয়নি। এমনিতেই ২০১৪ সালের প্রথমার্ধে ভারতীয় দলের ব্যস্ত সূচি রয়েছে। দলটি জানুয়ারি মাসের শেষদিকে দক্ষিণ আফ্রিকা থেকে ফিরবে। এরপরই ফেব্রুয়ারিতে তাদের যাওয়ার কথা নিউজিল্যান্ড সফরে। এই সফরের পর রয়েছে আইপিএল এবং বাংলাদেশে অনুষ্ঠিতব্য টি-টোয়েন্টি বিশ্বকাপ। -বাসস