প্রত্যেক হামলার ঘটনায় আক্রমণকারী জামায়াত

আপডেট : ০২ মার্চ ২০১৩, ২২:২২
তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বিরোধীদলীয় নেত্রী বেগম খালেদা জিয়ার বক্তব্য প্রত্যাখ্যান করে বলেছেন, বেগম খালেদা জিয়া তার বিবৃতিতে ডাহা মিথ্যাচার করেছেন। কেননা, পুলিশ কখনো নিরস্ত্র জনগণের ওপর হামলা চালায়নি। তিনি বলেন, প্রত্যেকটি হামলায় আক্রমণকারী হচ্ছে জামায়াত। তারা পুলিশ ও মহাজোটের কর্মীদের ওপর হামলা চালিয়েছে এবং মসজিদে ও হিন্দু সম্প্রদায়ের ঘরবাড়ি এবং মন্দিরে অগ্নিসংযোগ করেছে। তিনি আরো বলেন, অতীতে বেগম খালেদা জিয়া শায়খ রহমান ও বাংলা ভাইদের নামে সশস্ত্র জঙ্গিবাদীদের তাণ্ডবকে সমর্থন করেছেন। গতকাল সকালে রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ে জাসদের কেন্দ্রীয় কার্যালয়ে খালেদা জিয়ার শুক্রবারের দেয়া বক্তব্যের জবাবে আয়োজিত সংবাদ সম্মেলনে এ কথা বলেন। মন্ত্রী বলেন, খালেদা জিয়া মুক্তিযুদ্ধে বিরোধিতাকারীদের মন্ত্রী বানিয়েছেন, বঙ্গবন্ধুর খুনিদের পুরস্কৃত করেছেন এবং ২১ আগস্টের গ্রেনেড হামলাকারীদের বিদেশে পালিয়ে যেতে সহায়তা করেছেন। তিনি বলেন, খালেদা জিয়া যুদ্ধাপরাধীদের বাঁচানোর জন্য পুলিশের ওপর জামায়াত-শিবিরের হামলাকে সমর্থন করছেন।