ভারতে এক সপ্তাহে দ্বিতীয়বারের মতো জ্বালানি তেলের দাম বাড়িয়েছে রাষ্ট্র নিয়ন্ত্রিত সবচেয়ে বড় তেল কোম্পানি ইন্ডিয়ান ওয়েল কর্পোরেশন। আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের মূল্যবৃদ্ধি এবং রূপির মান কমায় এ দাম বাড়ানো হয়েছে বলে এক বিবৃতিতে জানিয়েছে কোম্পানিটি। গতকাল শনিবার মধ্যরাত থেকেই এ মূল্যবৃদ্ধি কার্যকর হওয়ার কথা রয়েছে। খবর এনডিটিভির।
মূল্যবৃদ্ধির ফলে প্রতি লিটার পেট্রোলের দামের সাথে কর ছাড়া ১ দশমিক ৪০ রূপি সংযোজন করা হয়েছে। ফলে জ্বালানি তেলের দাম বৃদ্ধি পেয়ে দিল্লিতে ৭০ দশমিক ৪৬, মুম্বাইয়ে ৭৭ দশমিক ২৯ এবং চেন্নাইয়ে ৭৩ দশমিক ৫৭ রূপি দাঁড়াবে। এর আগে গত ১৫ ফেব্রুয়ারি প্রতি লিটার তেলের মূল্যের সাথে ১ দশমিক ৫০ রূপি বাড়ানো হয়। কোম্পানিটি এক বিবৃতিতে জানায়, সর্বশেষ আন্তর্জাতিক বাজারে প্রতি ব্যারেল তেলের দাম ১২৮ দশমিক ৫৭ ডলার থেকে বাড়িয়ে ১৩১ ডলার করা হলেও এর বিপরীতে রূপির মূল্য প্রতি ডলারের বিপরীতে ৫৩ দশমিক ৪৩ থেকে বেড়ে ৫৪ দশমিক ১৭ রূপি হওয়ায় অর্থাত্ রূপির মান কমে যাওয়ায় এক সপ্তাহের মধ্যে এ দাম দ্বিতীয়বারের মতো বাড়ানো হল। ডিজেল, রান্নার গ্যাস এবং কেরোসিন বিক্রির ক্ষেত্রে ভর্তুকি দিয়ে রাষ্ট্রীয় মালিকানাধীন তেল কোম্পানিগুলো প্রতিদিন লোকসান দিচ্ছে প্রায় সাড়ে চারশ’ কোটি রূপি। ফলে ভারতকে প্রতি বছর প্রায় দেড় লাখ কোটি রূপির লোকসান দিতে হচ্ছে।
