অবশেষে গতকাল শনিবার প্রশাসনের বাধা উপেক্ষা করে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) ঈশা খাঁ হলের ছাত্ররা তালা ভেঙ্গে তাদের হলে প্রবেশ করেছে। টানা ৩৮ দিন বন্ধ থাকার গত ২৭ ফেব্রুয়ারি বিশ্ববিদ্যালয় খুললেও মেরামতের কথা বলে প্রশাসন ঈশা খাঁ হল বন্ধ রাখে এবং হলে ছাত্রদের প্রবেশ করতে দেয়নি। তবে ছাত্রদের আশংকা পরে এই হলে তারা আর প্রবেশ করতে পারবেন না। হলে প্রবেশের দাবিতে ওইদিন থেকেই হলের পাশে করিম ভবন এর সম্মুখে অবস্থান ধর্মঘট পালন করে ছাত্ররা। গত শুক্রবার থেকে মৌন মিছিল নিয়ে এসে উপাচার্যের বাসভবনের সামনের রাস্তায় অবস্থান ধর্মঘট পালন করে। সেখানে তারা কাফনের কাপড় পরে অনশনে যান। তবে অবস্থান ধর্মঘট পালনকালে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির নেতৃবৃন্দসহ অন্য প্রশাসনের কর্তাব্যক্তিরা আসলেও শিক্ষার্থীদের দাবি-দাওয়ার বিষয়ে কোন কথা বলেননি। টানা ৩ দিন হলের বাইরে শতাধিক ছাত্র খোলা আকাশের নিচে অবস্থান করেন। এদিকে অবিলম্বে হলে প্রবেশের দাবিতে গতকাল শনিবার দুপুর ১২টায় আন্দোলনরত শিক্ষার্থীরা বাকৃবি সাংবাদিক সমিতিতে সংবাদ সম্মেলন করে জোর করে হলেও নিজেদের হলে উঠবে বলে ঘোষণা দেন। পরে দুপুর আড়াইটার দিকে ছাত্ররা পুলিশের বাধা উপেক্ষা করে গেটের তালা ভেঙ্গে একসাথে হলে উঠে। এ ব্যাপারে বিশ্ববিদ্যালয়ের ছাত্র বিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. সুলতান উদ্দিন ভূঞা বলেন, ছাত্রদের ভালোর জন্য ওই হল ছেড়ে অন্য হলে উঠতে বলা হয়েছে। কিন্তু ছাত্ররা নিজেদের ভাল না বুঝে পরিত্যক্ত ঘোষণা করা হলে উঠেছে। এ বিষয়ে বাকৃবির প্রক্টর অধ্যাপক ড. মো. শহীদুর রহমান বলেন, বিষয়টি আমি জেনেছি। তবে বিশ্ববিদ্যালয় প্রশাসন উদ্ভূত পরিস্থিতি পর্যবেক্ষণ করে পরে ব্যবস্থা নেবে।
