ভারতীয় বংশোদ্ভূত ব্রিটিশ লেখক সালমান রুশদীকে হত্যা তালিকার শীর্ষে রেখেছে আল-কায়েদা। নিজেদের ইংরেজি অনলাইন সাময়িকী ইন্সপায়ারের নতুন সংস্করণে এ তালিকাটি প্রকাশ করেছে গোষ্ঠীটি। ইসলামকে অবমাননা করায় তাকে মৃত অথবা জীবিত হিসাবে চেয়েছে আল-কায়েদা। খবর টাইম্স অব ইন্ডিয়ার।
সাময়িকীতে ‘ওয়ান্টেড : ডেড অর অ্যালাইভ ফর ক্রাইমস অ্যাগেইনস্ট ইসলাম’ শীর্ষক নিবন্ধে এই তালিকা প্রকাশ করা হয়। ১৯৮৮ সালে ‘স্যাটানিক ভার্সেস’ নামে রুশদীর একটি বই প্রকাশিত হয়। এই উপন্যাসে মুসলমানদের ধর্মীয় অনুভূতিতে আঘাত করার মতো বিষয় রয়েছে বলে বিতর্কের ঝড় ওঠে। ১৯৮৯ সালে বইটির জন্য সালমান রুশদির বিরুদ্ধে ফতোয়া জারি করেন ইরানের প্রয়াত নেতা আয়াতুল্লাহ খোমেনি। ইরানের খোরদাদ ফাউন্ডেশন রুশদির হত্যাকারীকে পুরস্কার দিতে পাঁচ লাখ থেকে ২৫ লাখ পাউন্ড সংগ্রহ করেছে।
যুক্তরাজ্যভিত্তিক দ্য সান পত্রিকা জানিয়েছে, ওই তালিকায় যুক্তরাষ্ট্রের ধর্মযাজক টেরি জোনসও রয়েছেন। যুক্তরাষ্ট্রের বিতর্কিত এই ধর্মযাজক কুরআন পুড়িয়েছিলেন। ওয়াশিংটন ডিসিভিত্তিক মিডল ইস্ট মিডিয়া রিসার্চ ইন্সটিটিউট নিষিদ্ধ এই চরমপন্থি সাময়িকীটি প্রকাশ করেছে।
