যুদ্ধাপরাধীদের বিচার প্রক্রিয়া বানচাল ও দেশে নৈরাজ্য-নাশকতা সৃষ্টি করতে বিএনপি ও জামায়াত-শিবির চক্রের অপতত্পরতা প্রতিরোধে চট্টগ্রামে সর্বদলীয় প্রতিরোধ কমিটি গঠন করা হয়েছে। এছাড়া ১৪ দলের কেন্দ্রীয় ঘোষণা অনুসারে গতকাল শনিবার থেকে চট্টগ্রাম মহানগরীতে আওয়ামী লীগের নেতৃত্বে তিন দিনব্যাপী বিক্ষোভ মিছিল সমাবেশের কর্মসূচি শুরু হয়েছে। চট্টগ্রাম মহানগরী আওয়ামী লীগের পক্ষ থেকে গতকাল জানানো হয়, আজ রবিবার থেকে মঙ্গলবার পর্যন্ত তিন দিন নগরীর ১০টি পয়েন্টে আওয়ামী লীগের নেতৃত্বে সর্বদলীয় নেতা-কর্মীদের মিছিল সমাবেশ চলবে।
গতকাল চট্টগ্রাম কেন্দ্রীয় শহীদ মিনারে সমাবেশে চট্টগ্রাম মহানগরী আওয়ামী লীগের সভাপতি ও সাবেক মেয়র এবিএম মহিউদ্দিন চৌধুরী বলেন, একাত্তরের ঘাতক সংগঠন জামায়াত-শিবিরকে আশ্রয়-প্রশ্রয়দাতা বিএনপির মুখোশ এবার জনগণের সামনে খুলে গেছে। বিএনপি একাত্তরের যুদ্ধাপরাধীদের বিচার চায় না বলেই জামায়াত-শিবিরের হরতালে বারবার নৈতিক সমর্থন প্রদান করে। যুদ্ধাপরাধের বিচারের মধ্যদিয়ে বীর বাঙালি জাতি একাত্তরের গণহত্যা, ধর্ষণ ও অগ্নিসংযোগের মতো মানবতা বিরোধী কাজের কলঙ্ক থেকে জাতিকে মুক্ত করতে চায়। বাঙালি হয়ে যারা পাকিস্তানি শোষকদের স্বার্থ রক্ষায় এদেশের সাধারণ মানুষকে শৃগাল-কুকুরের মতো হত্যা করেছে, তাদের ঠাঁই এই বাংলাদেশের মাটিতে হতে পারে না। শহীদ মিনারের সমাবেশে আরো বক্তব্য রাখেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ডা. আফসারুল আমিন, সিপিবি নেতা শাহ আলম, খোরশেদ আলম সুজন, এডভোকেট শেখ ইফতেখার সাইমুল চৌধুরী প্রমুখ।
