বরগুনায় অস্ত্রসহ সাত জলদস্যু আটক, ৩১ জেলে উদ্ধার

আপডেট : ০২ মার্চ ২০১৩, ২২:৪৫
বরগুনা সংলগ্ন বঙ্গোপসাগরের আশারচর থেকে গতকাল শনিবার সকালে অস্ত্রসহ ৭ ডাকাত আটক এবং ৩১ জেলেকে পাথরঘাটা কোস্টগার্ড সদস্যরা উদ্ধার করেছে। ডাকাত দলের কাছ থেকে ৫টি এক নলা ও ১টি থ্রি নট থ্রি বন্দুকসহ বিপুল পরিমাণ গোলাবারুদ পাওয়া গেছে। বরগুনার পাথরঘাটা কোস্টগার্ডের লেফটেন্যান্ট ইসতিয়াক আহমদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে গোস্টগার্ড সদস্যরা গতকাল সকাল ১১টার দিকে আশারচর সংলগ্ন বঙ্গোপসাগরে অভিযান চালিয়ে নামবিহীন একটি ট্রলার আটক করে। ট্রলারে থাকা ৭ জন ডাকাতসহ ছয়টি আগ্নেয়াস্ত্র, ১৬৫ রাউন্ড একনলা বন্দুকের গুলি, ২৮০ রাউন্ড ২২ রাইফেলের গুলি, ৭.৬২ এমিনেশন ২টি এবং ৬৮টি মোবাইল সেট, একটি দিগদর্শন যন্ত্র আটক করে। ডাকাতরা হলেন—মতিন (৪৫), মামুন (২৮), জলিল (৪০), কবির (৪৫), আল-আমিন (৩০), শহিদুল শেখ (৩৫) ও মাহবুব তরফদার (৫০)। তাদের বাড়ি বাগেরহাটের কচুয়া, বরগুনা ও পটুয়াখালী জেলার বিভিন্ন উপজেলায়। সংশ্লিষ্ট সূত্র আরো জানায়, ডাকাতরা ২৪টি ট্রলার থেকে ২৪ জন জেলে এবং উদ্ধারকৃত ট্রলারটির ৭ জন জেলেকে অপহরণ করে নিয়ে যাচ্ছিল। উদ্ধার করা জেলেরা হলেন—রহিম সিকদার, ওয়াদুদ, রিয়াজ সিকদার, সানু মাঝি, আনিচ মাঝি, বনি আমিন মাঝি, কবির মাঝিসহ ৩১ জন। এদের বাড়ি পাথরঘাটা, বরগুনা, কয়রা, কলাপাড়াসহ বিভিন্ন উপজেলায়। এ ব্যাপারে পাথরঘাটা থানায় মামলা দায়ের করা হয়েছে।