দামুড়হুদায় ওয়াজ মাহফিল চলাকালে কলেজছাত্র খুন

আপডেট : ০২ মার্চ ২০১৩, ২২:৪৫
গত শুক্রবার রাতে জেলার দামুরহুদা উপজেলার উজিরপুর গ্রামে ওয়াজ মাহফিল চলার সময় পাশের রাস্তায় হামলায় ইব্রাহিম (২২) নামে একজন কলেজ ছাত্র খুন হয়েছে। একই হামলায় গুরুতর আহত হয় সোহেল (১৪) নামে এক স্কুল শিক্ষার্থী। শুক্রবার সন্ধ্যার পর জেলার দামুড়হুদা উপজেলার উজিরপুর গ্রামের কাছেমুল-উলম-মাদ্রাসায় ওয়াজ মাহফিল শুরু হয়। রাত পৌনে ১১টার সময় ওয়াজ মাহফিলের পাশের রাস্তায় কয়েক সশস্ত্র যুবক উল্লেখিত ২ শিক্ষার্থী ইব্রাহিম ও সোহেলের উপর অতর্কিত হামলা চালায়। হামলাকারীদের উপর্যুপরি ছুরিকাঘাতে ঘটনাস্থলে মৃত্যু হয় কলেজ ছাত্র ইব্রাহিমের। একই হামলায় আহত হয় স্কুল ছাত্র সোহেল। নিহত ইব্রাহিম উজিরপুর গ্রামের সাইদুর রহমানের পুত্র। আহত স্কুল ছাত্র সোহেল একই গ্রামের শহিদুল ইসলামের পুত্র। সোহেলকে গুরুতর অবস্থায় ঐ রাতেই রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়। ঘটনা সম্পর্কে উজিরপুর গ্রামের একদল লোক জানায়, এই ওয়াজ মাহফিল বন্ধ করা নিয়ে স্থানীয় দুই পাড়ার দুই দল তরুণের মধ্যে বিরোধ সৃষ্টি হয়। পরে সে বিরোধকে কেন্দ্র করে হয়তো এই খুনের ঘটনা ঘটতে পারে। আবার আরেক দল লোক জানায়, এক তরুণীকে কটূক্তির প্রতিবাদ করায় এই খুনের ঘটনা ঘটেছে। এদিকে দামুড়হুদা থানা পুলিশ তাত্ক্ষণিকভাবে ঐ ওয়াজ মাহফিল বন্ধ করে দিয়েছে। পুলিশ এই ঘটনার সাথে জড়িত সন্দেহে উজিরপুর গ্রামের ২ যুবককে গ্রেফতার করে। এরা হলো আকবর আলি ও ছানোয়ার ।