গতকাল শনিবার সন্ত্রাসীরা প্রকাশ্য দিবালোকে রূপসা-মংলা সড়কের পার্শ্ববর্তী পালপাড়া এলাকায় সেলিম রেজা ওরফে নাটা সেলিম (৩৮) নামে এক যুবককে গলা কেটে হত্যা করেছে। প্রকাশ্য দিবালোকে গলা কেটে হত্যা ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
রূপসা থানার ওসি মো: আশরাফ হোসেন জানান, দুপুর ৩টার দিকে রূপসা ঘাট এলাকা থেকে সেলিমসহ ৪/৫ জন দুটি মোটরসাইকেলে রূপসা-মংলা সড়ক দিয়ে যাচ্ছিল। আমদাবাদ গ্রামের পালপাড়া এলাকায় ওই দুটি মোটরসাইকেল থামে। সেখানে সেলিমকে ধরে নির্জন স্থানে নিয়ে জবাই করে হত্যার পর তারা পালিয়ে যায়। তবে মোটরসাইকেলে কারা ছিলো তা গতকাল শনিবার সন্ধ্যা পর্যন্ত পুলিশ নিশ্চিত হতে পারেনি। পুলিশ ঘটনাস্থলে হত্যাকাণ্ডে ব্যবহূত দা উদ্ধার করেছে।
পুলিশ জানায়, নাটা সেলিমের বিরুদ্ধে খুলনা সদর থানায় চাঁদাবাজি, মারামারি, অপহরণসহ ১ ডজনের বেশি মামলা ও অসংখ্য জিডি রয়েছে। সে নগরীর তালিকাভুক্ত সন্ত্রাসী। পুলিশ জানায়, সন্ত্রাসী নাটা সেলিম খুলনা থেকে প্রকাশিত সাপ্তাহিক ‘কালান্তর’ পত্রিকার সম্পাদক হিসাবে নিজেকে পরিচয় দিত। পত্রিকার সম্পাদক পরিচয় দিয়ে সে বিভিন্ন স্থানে চাঁদা দাবি করতো। চাঁদা দাবির ঘটনায় দায়েরকৃত মামলায় নাটা সেলিম গত বছর গ্রেফতার হয়।
নিহতের ছোটভাই শাহ আলম বলেন, নগরীর নতুন বাজার এলাকায় শ্রমিকদের একটা ইউনিয়ন নির্বাচনকে কেন্দ্র করে তার ভাইকে হত্যা করা হতে পারে।
