তিন ইস্যুতে জামায়াতে ইসলামীর তিন নেতা গতকাল শনিবার পৃথক তিনটি বিবৃতি দিয়েছেন। ধর্মীয় ও সাম্প্রদায়িক সম্প্রীতি এবং শান্তি-শৃঙ্খলা বজায় রাখা ও নৈরাজ্য সৃষ্টিকারীদের বিরুদ্ধে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন ভারপ্রাপ্ত আমীর মকবুল আহমাদ। দলের ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান দেশবাসীর প্রতি আজ রবিবার সকাল থেকে টানা ৪৮ ঘন্টার হরতাল কর্মসূচি সফল করার আহ্বান জানিয়ে বলেছেন, এটি গণতান্ত্রিক কর্মসূচি। কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য এএইচএম হামিদুর রহমান আযাদ এমপি বলেছেন, জামায়াত ও ছাত্রশিবিরের বিরুদ্ধে তথ্য সন্ত্রাস চলছে।
মাওলানা রফিকুল ইসলাম খান বিবৃতিতে দেলাওয়ার হোসাইন সাঈদীর মুক্তির দাবিতে আজ থেকে ৪৮ ঘন্টার হরতাল পালন করার আহ্বান জানিয়ে বলেন, ফাঁসির আদেশ দিয়ে দেশকে ভয়াবহ পরিস্থিতির দিকে ঠেলে দেয়া হয়েছে। শাহবাগে অবস্থানকারীরা ফাঁসি ছাড়া অন্য কোন রায় মানবে না বলে প্রকাশ্যে ঘোষণা দেয়। তাদের বক্তব্য ও দাবির প্রতিফলন ঘটেছে ট্রাইব্যুনালের রায়ে। দেশের ধর্মপ্রাণ জনগণ রায় প্রত্যাখ্যান করে স্বতঃস্ফূর্ত প্রতিবাদ জানালে পুলিশের গুলিতে এ পর্যন্ত ৮৪ জন নিহত হয়েছে। পুলিশ গতকালও দেশের বিভিন্ন স্থানে গুলি চালিয়েছে।
মকবুল আহমাদ বিবৃতিতে বলেন, বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। জামায়াত সকল ধর্মাবলম্বীদের প্রতি সম্মান প্রদর্শন করে। কারো ধর্মীয় অধিকারের উপর হস্তক্ষেপকে জামায়াত ঘৃণা করে। মন্দির, গীর্জা, প্যাগোডা অথবা অন্য কোন উপাসনালয়ে হামলা, ভাংচুর, অগ্নিসংযোগের সাথে যারা সম্পৃক্ত তাদের সাথে জামায়াতের কোন সম্পর্ক নেই। তিনি বলেন, সরকার জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের উত্তর গেটে তালা দিয়েছে। এ ধরনের কর্মকাণ্ডে জনমনে সৃষ্ট ক্ষোভ ভিন্নদিকে প্রবাহিত করার উদ্দেশ্যে অত্যন্ত সুকৌশলে মন্দির, গীর্জা, প্যাগোডা ও অমুসলিমদের ধর্মীয় উপাসনালয়ে হামলা চালানোর দায়ভার জামায়াত ও ছাত্রশিবিরের উপর চাপিয়ে দিয়ে সরকার ঘোলা পানিতে মাছ শিকার করতে চাচ্ছে। এএইচএম হামিদুর রহমান আযাদ বিবৃতিতে বলেন, গতকাল শনিবার বিভিন্ন পত্রিকায় জামায়াত-শিবিরকে জড়িয়ে যেসব খবর প্রকাশিত হয়েছে তার কোন ভিত্তি নেই। বিভ্রান্তিকর খবর প্রকাশ করে জামায়াত ও ছাত্রশিবিরের বিরুদ্ধে তথ্য সন্ত্রাস চালানো হচ্ছে। জেএমবি, হুজি, হিজবুত তাহরীরের সাথে জামায়াতের কোন সম্পর্ক নেই। তিনি আরো বলেন, কোথাও জামায়াত ও ছাত্রশিবিরের কর্মীরা হিন্দুদের মন্দিরে বা বাড়িতে হামলা করেনি।
